আলো ডেস্ক: ময়মনসিংহের ত্রিশালে বালুবোঝাই বিকল ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ট্রাকচালকের সহকারী। তার বিস্তারিত পরিচয় মেলেনি। এ ছাড়া অপরজন ভ্যানচালক মিলন মিয়া (২৪)।
তিনি ত্রিশাল উপজেলার ধানীখলা গ্রামের জিন্নাহ মিয়ার ছেলে। গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বৈলর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ত্রিশাল থানার এসআই নুরে আলম সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ময়মনসিংহ থেকে ঢাকাগামী লেনে বালুবোঝাই বিকল ট্রাক দাঁড়ানো অবস্থায় ছিল।
এ সময় ঢাকাগামী অপর একটি ট্রাক দাঁড়ানো ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে চলন্ত একটি ভ্যানকে চাপা দেয়। এতে ভ্যানচালক ও ধাক্কা দেওয়া ট্রাকচালকের সহকারী ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ট্রাক দুটি জব্দ করা হয় বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
