আলো ডেস্ক: গাজীপুরের কালিয়াকৈর এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণ মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল্লাহ আল মামুনকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)। গত বুধবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মামুন প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার দায় স্বীকার করেছেন উল্লেখ করে র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, মামুন গোপালগঞ্জের কাশিয়ানী থানায় ২০১৬ সালে একটি ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি।
২০১৬ সালে একবার গ্রেপ্তার হয়ে ১১ মাস জেলে ছিলেন মামুন। বিচারিক প্রক্রিয়া শেষে ২০২০ সালে আদালত মামুনের বিরুদ্ধে যাবজ্জীবন সাজার রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার পর থেকে মামুন দেশের বিভিন্ন এলাকায় পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এই কর্মকর্তা।
