স্টাফ রিপোর্টার
দীর্ঘ ৫ বছর পর রাজশাহীতে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এই আগমনকে ঘিরে একমাস ধরে নানা প্রস্তুতিও ইতিমধ্যে শেষ হয়েছে। এখন চলছে ঐতিহাসিক মাদ্রাসা মাঠের সাজসজ্জা, মঞ্চ তৈরি। প্রধানমন্ত্রীকে সাদরে বরণ করতে প্রস্তুত এখন রাজশাহী। বিশেষ করে প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে রাজশাহী সাজানো হয়েছে বর্ণিল রূপে। সর্বত্র শোভা পাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার ফেস্টুন। অবশ্য এসব ব্যানারে সরকারের উন্নয়ন চিত্র বেশী ফুটিয়ে তোলা হয়েছে।
গংশ্লিষ্ট সুত্র জানায়, রোববার (২৯ জানুয়ারি) প্রধানমন্ত্রী রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে জনসভায় ভাষণ দেবেন। এদিন প্রধানমন্ত্রী রাজশাহীর অন্তত ৩৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এর মধ্যে রয়েছে- রাজশাহী তথ্য কমপ্লেক্স ভবন নির্মাণ কাজ, রাজশাহী আঞ্চলিক পিএসসি ভবন নির্মাণ কাজ, শহীদ এএইচএম কামারুজ্জামান বালক উচ্চ বিদ্যালয়ে ১০ তলাবিশিষ্ট ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন, বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ, শহীদ জননী জাহানারা ইমাম বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ তলাবিশিষ্ট একাডেমি ভবন নির্মাণ, রাজশাহী ওয়াসা ভবন নির্মাণ, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ষষ্ঠ থেকে দশম তলা পর্যন্ত সম্প্রসারিত নির্মাণ কাজ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের হেড কোয়ার্টার নির্মাণ, রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ভবন উদ্বোধন, মোহনপুর উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন, রাজশাহী সরকারি শিশু হাসপাতালের নির্মাণ কাজের উদ্বোধন, রাজশাহী মেডিকেল কলেজের প্রশাসনিক ভবন নির্মাণ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি উদ্বোধন।
এছাড়াও শেখ রাসেল শিশুপার্ক, মোহনপুর রেলক্রসিং ফ্লাইওভার, নগরীর বন্ধগেট-সিটি বাইপাস পর্যন্ত অযান্ত্রিক যানবাহন লেনসহ চার লেন সড়ক নির্মাণ কাজ, নগরীর কল্পনা সিনেমা হল থেকে তালাইমারী সড়ক প্রশস্তকরণ ও সম্প্রসারণ কাজ, ভদ্রা রেলক্রসিং থেকে পারিজাত লেক হয়ে নওদাপাড়া বাস টার্মিনাল পর্যন্ত চার লেন সড়ক উদ্বোধন, হাইটেক পার্ক থেকে ঢালুর মোড় পর্যন্ত কার্পেটিং রাস্তা নির্মাণ, পুঠিয়া-বাগমারা মহাসড়ক উন্নয়ন কাজ, রাজশাহী সমাজসেবা কমপ্লেক্স নির্মাণ, চারঘাট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ভবন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মাল্টিপারপাস ভবন, রাজশাহী সিভিল সার্জন অফিস, রাজশাহী সরকারি মহিলা কলেজের ৬ তলাবিশিষ্ট ছাত্রীনিবাস, রাজশাহী সদর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন, বাগমারার ভবানীগঞ্জ-কেশরহাট সড়ক, পদ্মা নদীর ড্রেজিং প্রকল্প, রাজশাহী পিটিআইয়ের বহুমুখী অডিটোরিয়াম নির্মাণ, চারঘাট ও বাঘায় পদ্মা নদীর বামতীর সংরক্ষণ প্রকল্প।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহী এসে ৩৩টি উন্নয়ন প্রকল্পের ফলক উন্মোচন করবেন। এরমধ্যে ২৮টি উন্নয়ন প্রকল্পের কাজ ইতোমধ্যে সমাপ্ত হয়েছে এবং ৫টি চলমান রয়েছে। প্রধানমন্ত্রী রাজশাহীতে ব্যাপক উন্নয়ন করেছেন। আমরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাব।
