আলো ডেস্ক: নোয়াখালীর সোনাইমুড়ীতে নিখোঁজের ছয়দিন পর মো. হানিফ (৬৫) নামের এক রিকশাচালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে বারগাঁও ইউনিয়নের দৌলতপুর গ্রামে নাটেশ্বর-বগাদিয়া খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্বজনরা জানান, শনিবার থেকে হানিফকে পাওয়া যাচ্ছিল না। অনেক খুঁজেও তাকে না পেয়ে এলাকায় মাইকিং, লিফলেট বিতরণ ও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। বারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল আলম বলেন, চার সন্তানের জনক হানিফ ব্যাটারিচালিত রিকশা চালাতেন। নিখোঁজ হওয়ার দিন থেকে তার রিকশাটিও পাওয়া যাচ্ছে না।
ধারণা করা হচ্ছে, রিকশাটি চুরি করতে দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ খালে ফেলে গেছে। স্থানীয়দের ভাষ্যমতে, হানিফ একজন সহজ-সরল লোক ছিলেন। এলাকার কারও সঙ্গে তার শত্রুতা ছিল না।
কে বা কারা তাকে নির্মমভাবে হত্যা করে লাশ ফেলে গেছেন তার সুষ্ঠু তদন্ত দাবি করেন তারা। সোনাইমুড়ী থানার ওসি জিয়াউল হক বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
