আলো ডেস্ক: বগুড়া সদরে নিজ শয়নকক্ষে শহিদুল ইসলাম (৫০) নামের এক মাদ্রাসাশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার নামুজা সরদারপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। শহিদুল ইসলাম ওই এলাকার মৃত আজিম উদ্দিনের ছেলে ও নামুজা ফাজিল মাদ্রাসায় শিক্ষকতা করতেন।
বগুড়া সদর থানার এসআই মন্তাজ আলী শিক্ষকের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও পরিবার সূত্র জানায়, প্রায় দেড় বছর আগে শহিদুল ইসলামের প্রথম স্ত্রী মারা যান। এরপর থেকেই তিনি মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন। পরিবারের সদস্যরা শহিদুলের সুস্থতার জন্য দ্বিতীয় বিয়েও দেন। সম্প্রতি আরও কয়েক জায়গায় তার চিকিৎসা করানো হয়।
গতকাল শুক্রবার সকালে ফজরের নামাজ পড়া শেষে স্ত্রীকে রেখে তিনি অন্য ঘরে গিয়ে শুয়ে পড়েন। সকাল ৯টার দিকে দ্বিতীয় স্ত্রী ওই ঘরে গিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পান। এসআই মন্তেজ আলী জানান, লাশ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
