আলো ডেস্ক: গ্যাস, তেল, বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদ ও সব রাজবন্দিদের মুক্তির দাবিতে ৪ ফেব্রুয়ারি রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘সরকার ও শাসনব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে ঐক্যবদ্ধ হোন ১৪ দফা কর্মসূচির ভিত্তিতে যুগপৎ আন্দোলন জোরদার করুন’ শিরোনামে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে গণতন্ত্র মঞ্চের আয়োজিত সমাবেশ শেষে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এ ঘোষণা দেন।
সভাপতির বক্তব্যে মান্না বলেন, বর্তমান সরকার আগামী শীত পর্যন্ত টিকবে না। তিনি বলেন, সরকার পুরো বছর টিকে কিনা কে জানে। বয়োবৃদ্ধদের সম্পর্কে মানুষ যেমন বলে, এ শীতে টিকবে কি টিকবে না। তেমনি এ সরকারের অবস্থা, এ শীতে টিকবে কি টিকবে না। ২০২৩ সাল শেখ হাসিনার পতনকাল। মান্না বলেন, যে সরকারের টাকা নেই, সেই সরকার আবার কিসের সরকার। এ সরকার এখন ভিক্ষা করার জন্য একবার আইএমএফের কাছে যায়, একবার ওয়ার্ল্ড ব্যাংকের কাছে যায়, একবার এডিবির কাছে যায়।
অন্যের কাছে ভিক্ষা করা ছাড়া এ সরকারের এখন বাঁচার কোনো উপায় নেই। বর্তমান সরকারের আমলে কমপক্ষে এক হাজার মানুষ গুম-খুন হয়েছে উল্লেখ করে মান্না বলেন, সবাই যখন এ কথা বলেছে, তখন তারা (সরকার) বলেছে, কিসের গুম? ওরা ভু-মধ্য সাগরে ডুবে গেছে, প্রেম করে পালিয়ে গেছে, পাওনাদারের টাকা দেওয়ার ভয়ে লুকিয়ে আছে। এবার যখন দক্ষিণ এশীয় বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু দেশে এসেছেন, তখন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমাদের র্যাবও তো কিছু বাড়াবাড়ি করেছে। ঠেলায় পড়লে বাঘেও ধান খায় উল্লেখ করে মান্না বলেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রী বাঘে ধান খাওয়ার মতো স্বীকার করেছেন, র্যাব মানুষ মেরেছে।
তিনি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কথাবার্তা বলেছি, অবস্থা ঠিকঠাক হয়ে গেছে। নিষেধাজ্ঞা উঠে যাবে। অথচ যুক্তরাষ্ট্রের দূতাবাস বিবৃতি দিয়েছে, এমন কোনো কথা তাদের সঙ্গে হয়নি। বর্তমান সরকারের মন্ত্রীদের চোর আখ্যায়িত করে মান্না বলেন, তারা পরপর দুইবার ভোট চুরি করেছে। আবার ভোট চুরি করতে বিভিন্ন ফন্দি ফিকির বের করেছিল। এখন সব রাষ্ট্র বলছে, এসব চলবে না। ভোট ঠিকভাবে করতে হবে। তা না হলে ব্যবস্থা আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন ক্ষমতায় আছেন ততদিন গণতন্ত্র মঞ্চের নেতারা ভোটে যাবে না জানিয়ে মান্না বলেন, বিএনপি বলেছে, শেখ হাসিনা যতদিন ক্ষমতায় আছে, ততদিন কোনো ভোট হবে না।
তিনি বলেন, আওয়ামী লীগের নেতারা বলেন, তাদের দল দুর্বল নয়, ধাক্কা দিলে পড়ে যাবে না। আমি তো দেখছি, সরকারের অবস্থা এত খারাপ, কাতুকুতু দিলে পড়ে যেতে পারে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ একটি বড় দল, মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে, শেখ মুজিবুর রহমান এ দলের নেতা ছিলেন। তাই আওয়ামী লীগকে মানুষ সম্মান করতো। কিন্তু এখন যারা আওয়ামী লীগ করছেন, এখন যে নেতৃত্ব, এ দলকে মানুষ ঘৃণা করে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, তিন মিনিটে আজকের এদিনে জাতীয় সংসদে বাকশাল গঠনের আইন প্রণয়ন করা হয়েছিল। কোনো আলোচনার সুযোগ দেওয়া হয়নি। রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে তিনটি দলকে সুযোগ দেওয়া হয়েছিল।
চারটি সংবাদপত্র ছাড়া সব গণমাধ্যমকে নিষিদ্ধ করা হয়েছিল। ১৯৭৫ সালের এদিনে বাকশাল গঠনের মাধ্যমে আওয়ামী লীগের প্রথম রাজনৈতিক পরাজয় ঘটে। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর দিনের ভোট রাতে করার মধ্য দিয়ে আওয়ামী লীগের দ্বিতীয় রাজনৈতিক মৃত্যু ঘটে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ গণতান্ত্রিক ধারার রাজনৈতিক দল থেকে তারা আজকে জঙ্গিবাদী মতাদর্শের মাধ্যমে পরিচালিত। জঙ্গিরা যেমন মানুষের গণতান্ত্রিক অধিকারে বিশ্বাস করে না, মুক্ত গণমাধ্যমে বিশ্বাস করে না, মানুষের বাক স্বাধীনতায় বিশ্বাস করে না, তেমনি আওয়ামী লীগ দমন করে রোধ করে একটা অনিশ্চয়তার দিকে দেশকে ঠেলে দিয়েছে।
এভাবে আওয়ামী লীগ চার বছর ধরে তার তৃতীয় রাজনৈতিক মৃত্যুর জমিন তৈরি করেছে। সমাবেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন,, নব্বইয়ের দশক থেকে বিভিন্ন দেশে কর্তৃত্ববাদের চর্চা করা হয়েছে। যেখানে নির্বাচন মোড়ক আকারে থাকবে। নির্বাচন নিয়ে প্রতিদ্ব›িদ্বতা থাকবে, প্রার্থী বাছাই হবে, এমন কী টেলিভিশনে তা নিয়ে ডিবেট হবে। কিন্তু ভোটের দিন মানুষ নির্ধারণ করবে না যে কে নির্বাচিত হবে। বরং যারা ক্ষমতায় আছেন তারা নির্ধারণ করবেন যে কারা কার ক্ষমতা পাবেন, যা আওয়ামী লীগ ১৮ সালে করেছেন এবং এখন বাজারে কথা শুনতে পাই যে, তারা বলেছেন আসেন আপনারা আমরা সিট ভাগাভাগি করি। এটা হচ্ছে কর্তৃত্ববাদের মডেল।
সাকি বলেন, সমগ্র পৃথিবীতে কর্তৃত্বমূলক শাসনের যত ধরনের উদাহরণ আছে সবগুলো থেকে একটা একটা করে উপাদান ভাবনা তিনি (প্রধান মন্ত্রী) সংগ্রহ করেন এবং সেগুলো এদেশে প্রয়োগ করেছেন। এই যে ডিজিটাল বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ এগুলো কী আপনি মনে করেন আওয়ামী লীগের আবিষ্কার। এগুলো সব বিদেশিদের কাছ থেকে ধার করা। ভারতের নরেন্দ্র মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তখনও কিন্তু তিনি ডিজিটাল এবং স্মার্ট গুজরাটের কথা বলেছিলেন। এসব স্লোগান আওয়ামী লীগ বিভিন্ন দেশ থেকে আমদানি করেছে। তিনি বলেন, জনগণ কী চায় সেটা তো কোনো বিষয় নয়, ক্ষমতাই আমাদের (আওয়ামী লীগ) জমিদারি। কিছুকিছু আওয়ামী লীগের পাতি নেতার ইদানীং বলেছেন স্বাধীনতা যেহেতু আমরাই এনেছি তাই লুটপাট করলে আমরাই করব আর উন্নয়ন করলে আমরাই করব। সবই আমরাই করব।
এসব পাতি নেতাদের মাথায় এভাবেই আসে না। এমন চিন্তা অনেক বড় বড় নেতাদের মাথায়ও এসেছে। এমন কী সংবিধান প্রণয়নকারীদের মাথাও। ৭০ সালের গণপরিষদকেই ৭২ সালের গণপরিষদ হিসেবে ঘোষণা হয়েছে উল্লেখ করে সাকি বলেন, এর মধ্য দিয়ে ৭১ সালের সাধারণ মানুষের যে রাজনৈতিক চেতনা তা অস্বীকার করা হয়েছে। ওইখানেই বাংলাদেশের গোড়ায় গলদ। বাংলাদেশ কীভাবে চলবে সেজন্য যদি জনগণের মতামত নেওয়া হতো তাহলে আরেকটা নতুন নির্বাচন করে গণপরিষদ গঠন করার দরকার ছিল।
সব শ্রেণী-পেশা তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করে গণপরিষদ গঠনের দরকার ছিল। সেটাও করা হয়নি। তিনি বলেন, শুধু কী তাই, ওই গণপরিষদে যারা আওয়ামী লীগের প্রতিনিধি ছিলেন তারাও স্বাধীনভাবে কথা বলতে পারেননি। গণপরিষদ বসার আগেই রাষ্ট্রপতির প্রেসিডেন্টশিয়াল অর্ডারে আজকে যেটা সংবিধানের ৭০ অনুচ্ছেদ সেটা ঘোষণা করা হলো। যে গণপরিষদে সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন না। আর তদের যদি কোনো মতামত থাকে তাহলে পার্টির ফোরামে বলতে হবে। সেখানে পার্টি যেসব সিদ্ধান্ত দেবে তাদেরকে কেবল হাত তুলে সমর্থন করতে হবে। দুনিয়ার কোনো দেশে গণপরিষদের এই অবস্থা হয় কিনা জানা নেই।
কারণ গণপরিষদ তো সংবিধান তৈরি করে এবং সেখানে নানাভাবে মানুষের মতামত, চিন্তা এসব প্রতিফলনের প্রয়োজন পড়ে। কিন্তু সেখানে তা করা হয়নি। বরং সংবিধান এমনভাবে করা হয়েছে যে এক ব্যক্তি সব ক্ষমতার অধিকারী হয় এবং সারাজীবন যেন ক্ষমতায় থাকতে পারে। এইরকম চিন্তাই হচ্ছে আওয়ামী লীগের। আর ৭২ সালে তারা সেই সংবিধানই তৈরি করেছেন। যেখানে সব ক্ষমতা তার হাতে কেন্দ্রীভুত করা হয়েছে। কাজেই ৭২ সালের সংবিধান হচ্ছে স্বৈরাচারী ক্ষমতা কাঠামোর সংবিধান।
গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেন, যারা দেশ ও দেশের মানুষের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে জীবন দিয়েছেন, তারাও এ রকম একটা রাষ্ট্র দেখতে চায়নি। আজকে মুক্তিযুদ্ধের কথা বলে আওয়ামী লীগ যে প্রীতি নিতে চাচ্ছে সেটা তারা নিজেরাই ধ্বংস করছেন। আওয়ামী লীগের হাত থেকে আমাদের দেশ ও দেশের মুক্তি ছিনিয়ে আনতে হবে। সমাবেশের সভাপতিত্ব করেন নাগরিক ঐক্য আহ্বায়ক মাহমুদ রহমান মান্না। সমাবেশে আরও বক্তব্য দেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম বাবলু, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ।
