আলো ডেস্ক: নীলফামারীতে মোটরসাইকেল নিয়ে পালানোর সময় অটোরিকশার সঙ্গে সংঘর্ষে হাসান গাটু ওরফে গাটু চোর (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার সকাল ৯টার দিকে সদর উপজেলার সালহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাসান গাটু উপজেলার সোনারায় কাছারিপাড়া এলাকার আবদুর রশিদের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, হাসান গাটু একজন পেশাদার চোর।
তিনি বিভিন্ন সময় চুরির ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানার ১৩টি মামলা বিচারাধীন আছে। গতকাল বুধবার সকালে একটি মোটরসাইকেল চুরি করে দ্রুত গতিতে পালানোর সময় অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই তিনি মারা যান।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নীলফামারী সদর থানার ওসি আবদুর রউপ বলেন, হাসান গাটু চোরের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ইউডি মামলার প্রস্তুতি চলছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি চুরির ছিল কি-না তদন্ত চলছে। ওসি আরও বলেন, গাটু চোর কয়েক বার গ্রেপ্তার হয়েছিল। তার বিরুদ্ধে আদালতে ১৩টি মামলা চলমান আছে।
