আলো ডেস্ক: বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভ‚ঁইয়া বলেছেন, শহীদ আসাদের আত্মদান এতটাই ভারী ছিল যে, তার পথ ধরে চ‚র্ণ হয়ে গিয়েছিল স্বৈরশাসকের দীর্ঘদিনের সাজানো মসনদ। তার রক্তের পথ বেয়েই ৬৯ এর গণঅভ্যুত্থান। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে ৬৯ এর গণঅভ্যুত্থানের নায়ক শহীদ আসাদ আজ অবহেলিত। গতকাল শুক্রবার রাজধানীর নয়াপল্টনের জাদু মিয়া মিলনায়তনে শহীদ আসাদ দিবস উপলক্ষে বাংলাদেশ ন্যাপের আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোলাম মোস্তফা বলেন, ১৯৯১ সালে ঢামেকের মূল ফটকের বাইরে ডাকসু ও শহীদ আসাদ পরিষদের যৌথ উদ্যোগে ‘আসাদের শার্ট’ নামে একটি ভাস্কর্য স্থাপন করা হয়। পরে ঝড়ে এটি ভেঙে গেলেও নতুন করে সেটি আর স্থাপনের উদ্যোগ নেওয়া হয়নি। এর মধ্যে সরকার বদল হয়েছে। বর্তমান সরকারও ক্ষমতায় আছে দীর্ঘ সময়। তারপরও চতুর্ভুজ আকারের এ স্তম্ভটির চারদিকে থাকে পানের পিক ছিটানো। পেছনে মাটির বিশাল স্তূপ, সঙ্গে আবর্জনা ও ময়লা পানি।
ন্যাপ মহাসচিব বলেন, ১৯৬৯ সালে প্রতিবাদের প্রতীক হিসেবে আইয়ুব গেটের নামফলক গুঁড়িয়ে দিয়ে রক্ত দিয়েই লেখেন আসাদ গেট। আজ সেই আসাদ গেট আর চেনার উপায় নেই। সেই গেইটে পোস্টারে ছেয়ে থাকে। অনাদরে আর অবহেলায় পড়ে আছে নরসিংদীর শিবপুর উপজেলার ধানুয়া গ্রামে তার সমাধি। সরকারি উদ্যোগের অভাবে নতুন প্রজন্ম ভুলতে বসেছে মহান আসাদের বীরত্বগাথা। তিনি বলেন, শহীদ আসাদ ছিলেন মুক্তির লক্ষ্যে পরিচালিত এই ধারাবাহিক সংগ্রামের একটি আলোক নিশান এবং ২০ জানুয়ারি তার শহীদ হওয়ার সময় তার পরিহিত রক্তভেজা শার্ট হয়ে উঠেছিল এই সংগ্রামেরই একটি অনন্য প্রতীক।
যে জন্যই কবি শামসুর রাহমান যথার্থই তার কবিতার মধ্য দিয়ে ব্যক্ত করেছিলেন,‘আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা। তিনি আরও বলেন, এখনো শহীদ আসাদের শার্ট তাই শোষণ-বঞ্চনা, বৈষম্য এবং যে কোনো অন্যায়ের বিরুদ্ধে সংঘটিত লড়াইয়ের প্রতীক হয়ে সংগ্রামের নির্দেশনা জাগায়। তাই শহীদ আসাদ মুক্তির লড়াইয়ের প্রাণের পতাকা হিসেবেই এখনো উড়ে চলেছে।
বাংলাদেশ ন্যাপের ঢাকা মহানগর ভারপ্রাপ্ত সভাপতি মো. কামাল ভূইয়ার সভাপতিত্বে আলোচনায় অংশ নেন দলের ভাইস চেয়ারম্যান স্বপন কুমার সাহা, যুগ্ম মহাসচিব মো. মহসীন ভুঁইয়া, মহানগর সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, কেন্দ্রীয় নেতা মতিয়ারা চৌধুরী মিনু, এখলঅস হক, মিতা রহমান, মো. আমজাদ হোসেন, মহানগর নেতা হাবিবুর রহমান প্রমুখ।
