আলো ডেস্ক: নাটোরে স্কুলছাত্রী অপহরণে রনি আহম্মেদ (২০) নামের এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ আদেশ দেন। ট্রাইব্যুনাল সহকারী সাইফুল ইসলাম জানান, ২০১০ সালের ৪ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে নাটোরের লালপুর উপজেলার কুজিপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে চতুর্থ শ্রেণির এক ছাত্রী নিখোঁজ হয়।
ওই দিন রাতেই ছাত্রীর ভাই বাদী হয়ে বোনের বান্ধবী ও তার ভাই রনি আহম্মেদসহ (২০) চারজনের বিরুদ্ধে মামলা করেন। দুদিন পর পুলিশ অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করে। পরে সে আদালতে জবানবন্দি দেয় তাকে সীমান্তবর্তী একটি স্থানে আটক করে রাখা হয়েছিল। ঘটনাটি তদন্ত করে লালপুর থানার উপপরিদর্শক জামাত আলী ২০১০ সালের ৫ এপ্রিল শুধু রনি আহম্মেদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
পরে মামলাটি ট্রাইব্যুনালে আসে বিচারের জন্য। আদালতে ছয়জনের সাক্ষ্য দেন। পরে রনি আহম্মেদ জামিনে গিয়ে পলাতক হন। অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামির অনুপস্থিতিতে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
