আলো ডেস্ক: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সুমাইয়া আক্তার সেতু (১৪) নামে এক কিশোরীর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। ঘটনার একদিন পর কিশোরীর দুলাভাই মঞ্জুর আলী সাগরকে (২৫) আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে মঞ্জুর আলী সাগর তার শ্যালিকা সুমাইয়া আক্তার সেতুকে হত্যার কথা স্বীকার করেছেন বলে দাবি পুলিশের।
গতকাল বুধবার সকালে নিজ কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানায়েছেন জেলা পুলিশ সুপার মো. নাইমুল হক। পুলিশ সুপার জানান, গত ১৬ জানুয়ারি রাতে খাগড়াছড়ির মাটিরাঙ্গার আমবাগান এলাকায় নিজ ঘরে শ্যালিকা সেতুর সঙ্গে বাকবিতণ্ডা হয় দুলাভাই মঞ্জুরের। একপর্যায়ে মঞ্জুর ধারালো অস্ত্র দিয়ে সেতুকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
ঘটনার পর পুলিশ লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পারিবারের কাছে হস্তান্তর করে। এদিকে গত মঙ্গলবার নিহত কিশোরীর বাবা আবদুর রহমান মিয়া বাদী হয়ে মাটিরাঙ্গা থানায় অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ সুপার মো. নাইমুল হক বলেন, মামলার অভিযোগের ভিত্তিতে প্রত্যক্ষভাবে জড়িত আসামি মঞ্জুর আলী সাগরকে ওই দিন রাত আড়াইটার দিকে মাটিরাঙ্গা বাজার থেকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেন সাগর। আসামিকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার সাগর ছাড়াও এ ঘটনায় অন্য কারো সংশ্লিষ্টতা আছে কি-না, তা খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি।
