আলো ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, বাংলাদেশ এবং জাপানের মধ্যে দীর্ঘদিন ধরে চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে অসাধারণ ভূমিকা রেখে চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগ। গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনাতনে এক আন্তর্জাতিক সম্মেলনে সভাপতির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় জাপানিজ স্টাডিজ বিভাগ এবং জাপান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ঔধঢ়ধহড়ষড়মু রহ ঘবি ঊৎধ শীর্ষক দুদিনব্যাপী আন্তর্জাতিক হাইব্রিড এ সম্মেলন শুরু হয়। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি এবং বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি ও জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাহাবুদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
জাপান ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক হিদেকি হারা, ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান ও জাপানের কোরে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কিচি ওগাওয়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় জাপানিজ স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল বারকাত ধন্যবাদ জ্ঞাপন করেন বিভাগের চেয়ারম্যান ড. আব্দুল্লাহ-আল-মামুন স্বাগত বক্তব্য দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, বাংলাদেশ এবং জাপানের মধ্যে সম্পর্ক উন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগ অসাধারণ ভুমিকা রেখে চলেছে। দুই দেশের মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার করার লক্ষ্যে তিনি শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
ড. এ কে আবদুল মোমেন জাপানকে বাংলাদেশের অন্যতম বৃহত্তম উন্নয়ন সহযোগী দেশ হিসেবে উল্লেখ করে বলেন, শিক্ষা, শিল্প ও সাংস্কৃতিক বিনিময় এবং মানুষের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে দুদেশের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে হবে। বাংলাদেশ, জাপান, যুক্তরাষ্ট্র, ভারত, থাইল্যান্ড, মিয়ানমার এবং চীনসহ ১৪টি দেশের শিক্ষাবিদ ও বিশেষজ্ঞরা এই সম্মেলনে অংশগ্রহণ করছেন।
