আলো ডেস্ক: ময়মনসিংহের নান্দাইলে বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রেমিকসহ দুজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গত শুক্রবার সন্ধ্যায় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভারপ্রাপ্ত বিচারক তাইজুল ইসলাম সোহাগ তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেপ্তাররা হলেন- উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের চামারুল্লাহ গ্রামের শাহেদ আলীর ছেলে মো. আলীউর (৩০), একই এলাকার নুরুল হুদার ছেলে হারেস উদ্দিন (২০)।
আলীউরের সঙ্গে ভিক্টিমের প্রেমের সম্পর্ক ছিল। আদালত পুলিশের পরিদর্শক ঝুঁটন কুমার বর্মণ জানান, সংঘবদ্ধ ধর্ষণ মামলায় দুই আসামিকে আদালতে পাঠালে বিচারক আগামী ১৫ জানুয়ারি রিমান্ড শুনানির দিন ধার্য করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই তরুণী ২০২২ সালে এইচএসসি পাস করেন। তরুণীর বাবা মারা যাওয়ায় মায়ের সঙ্গে বসবাস করতেন তিনি। কয়েক মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলীউরের সঙ্গে তরুণীর পরিচয় হয়। এরপর থেকে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। একপর্যায়ে অলিউল তাকে বিয়ের প্রলোভনে বিভিন্ন জায়গায় নিয়ে একাধিকবার ধর্ষণ করেন।
আলীউর তার মায়ের সঙ্গে দেখা করানোর কথা বলে তরুণীকে নান্দাইল পৌর শহরে ডেকে আনেন। তাকে চন্ডিপাশা এলাকায় নির্মাণাধীন বাসার একটি কক্ষে নিয়ে যান আলীউর। আলীউর তার মা আসবে বলে অপেক্ষা করতে বলে ওই তরুণীকে। কিছুক্ষণ অপেক্ষার পর অলিউল ওই কক্ষে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে তাকে কক্ষের ভেতরে রেখে দরজা বাইরে থেকে দরজা আটকে দেন। এর কিছুক্ষণ পর আলিউলের তিন বন্ধু দরজা খুলে কক্ষে প্রবেশ করে। এদের মধ্যে দুজন পালাক্রমে তাকে ধর্ষণ করে। অপরজন দরজায় দাঁড়িয়ে পাহারা দেন। ধর্ষণ শেষে এ ঘটনা প্রকাশ করলে তাকে হত্যা করে লাশ গুম করার হুমকি দিয়ে ওই বাসা থেকে তাড়িয়ে দেন।
গত ১৭ আগস্ট ওই তরুণী বিয়ের দাবিতে আলীউরের বাড়িতে উঠেন। খবর পেয়ে আলীউর বাড়ি থেকে পালিয়ে যান। তখন আলীউরের পরিবার ও স্থানীয়রা তাকে সান্ত¡না দিয়ে আলীউর আসলে তার সঙ্গে যোগাযোগ করা হবে বলে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। বেশ কিছুদিন চলে গেলেও আলীউর বা তার পরিবার ওই তরুণীর সঙ্গে কোনো যোগাযোগ করেনি। পরে আবারও গত ৩০ আগস্ট বিয়ের দাবিতে ওই তরুণী আলীউরের বাড়িতে অবস্থান নেন। পরে বিষয়টি জানাজানি হলে সালিশে তরুণীকে বিয়ে করার অনুরোধ করেন।
তবে এভাবে বেশ কিছুদিন চলে গেলেও আলীউর তাকে বিয়ে না করে পালিয়ে থাকেন। এ বিষয়ে নান্দাইল থানার ওসি মিজানুর রহমান আকন্দ বলেন, বুধবার রাতে প্রেমিক আলীউর ও তার সহযোগী হারেস উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরদিন রাতে আলীউর, হারেসসহ চারজনকে আসামি করে ওই তরুণী মামলা করেন। মামলার পর গত শুক্রবার তাদের আদালতে পাঠানো হয়েছে। অপর দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।
