আলো ডেস্ক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য পরিচয়ে যুক্তরাষ্ট্র ফেরত প্রবাসীর কাছ থেকে ১০ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ উঠেছে। গত শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের আটি ওয়াবদা কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ওই প্রবাসীর কাছে থাকা নগদ ৫ হাজার ১২০ ইউএস ডলার, যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড, পাসপোর্ট, আইফোন, ক্রেডিট কার্ড ও মালামালসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুটে নেওয়া হয়। এ ঘটনায় বাদী হয়ে ভুক্তভোগী প্রবাসী মো. আরিফ হোসেন গতকাল শনিবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, আরিফ হোসেন কুয়েত এয়ারওয়েজের একটি বিমানে গত শুক্রবার রাত ১২টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এরপর রাত ১টা ৫০ মিনিটে একটি মাইক্রোবাসযোগে এয়ারপোর্ট থেকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার বাসায় যাচ্ছিলেন তিনি।
এ সময় গাড়িটি কাঁচপুর সেতুর পশ্চিম পাশে ইউটার্ন নিয়ে সিদ্ধিরগঞ্জের আটি ওয়াবদা কলোনি এলাকায় আসা মাত্র গাড়িটিকে সিগন্যাল দেওয়া হয়। তখন চালক শহিদুল সামনের দিকে এগিয়ে যেতে থাকেন। খাজা লাইমস নামে একটি চুন কারখানার সামনে পৌঁছানোর পর সাদা রঙের হায়াস গাড়ি নিয়ে ব্যারিকেট দিয়ে ওই প্রবাসীকে ডিবি পুলিশ পরিচয়ে থামানো হয়।
এ সময় তল্লাশির নামে তার মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। পরে তাকে গাড়ি থেকে নামিয়ে মারধর করে কাছে থাকা সবকিছু ছিনিয়ে নেওয়া হয়। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে আসলে তার বাড়ির কেয়ারটেকার মো. মিজানুরকেও মারধর করা হয়। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা বলেন, ডাকাতির ঘটনায় থানায় একটি অভিযোগ নেওয়া হয়েছে। লুণ্ঠিত মালামাল উদ্ধার ও ডাকাতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
