আলো ডেস্ক: প্রেমিকার ছেলেকে হত্যার ১১ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. খোরশেদ আলমকে (৩৫) গ্রেপ্তার করেছে ময়মনসিংহ র্যাব-১৪। গতকাল শুক্রবার দুপুর ১২ টার দিকে ময়মনসিংহ র্যাব-১৪ এর কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে গত বৃহস্পতিবার সকাল ৮টায় সিলেট জেলার শাহপরান থানা এলাকা থেকে খোরশেদ আলমকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার খোরশেদ আলম জেলার ফুলবাড়িয়া উপজেলার কেয়ার ছানা গ্রামের মো. সেকান্দর আলীর ছেলে।
এ বিষয়ে ময়মনসিংহ র্যাব-১৪ এ কোম্পানি অধিনায়ক মেজর আখের মুহম্মদ জয় বলেন, ২০১২ সালে খোরশেদ আলম মানিকগঞ্জ জেলার উপজেলার বাহির খোলা গ্রামে সবুজ মোল্লা নামে এক ব্যক্তির পোল্ট্রি ফার্মে কাজ করতেন। কাজ করার সুবাদে একই গ্রামের আবদুল হকের স্ত্রীর সঙ্গে তার পরকীয়া সম্পর্ক গড়ে উঠে। পরকীয়া সম্পর্কের বিষয়টি আবদুল হকের ১২ বছর বয়সী ছেলে জাকির জেনে ফেলে। তাই ওই বছরের ৩ মার্চ তাকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করেন খোরশেদ।
হত্যার পর জাকিরের লাশ তাদের বাড়ির পিছনে ধান ক্ষেতে ফেলে রেখে চলে যায়। এই ঘটনার পরদিন নিহত জাকিরের বাবা আবদুল হক খোরশেদ আলমকে আসামি করে মানিকগঞ্জ সদর থানায় মামলা করেন। পরবর্তীতে এই মামলায় সাক্ষ্য প্রমাণ শেষে ২০২২ সালের ২ নভেম্বর মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. খোরশেদ আলমকে যাবজ্জীবন সাজা দেন। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেন।
তিনি আরও বলেন, হত্যার পর দীর্ঘ ১১ বছর দেশের বিভিন্ন জায়গায় নিজের পরিচয় গোপন করে ছদ্মবেশে পালিয়ে ছিলেন খোরশেদ আলম। রায়ের পর গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। খোরশেদ আলমকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
