আলো ডেস্ক: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশের যুবসমাজকে আত্মকর্মসংস্থানে উৎসাহিত করতে ঢাকা ক্যাটেল এক্সপো গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে। এতে করে দেশের যুবসমাজ উদ্বুদ্ধ হবেন। বেশি বেশি এ ধরনের এক্সপোর আয়োজন করা দরকার। এতে করে উদ্যোক্তা সৃষ্টি হবে। গতকাল শনিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত দুই দিনব্যাপী ‘ঢাকা ক্যাটল এক্সপো-২০২৩’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, এরইমধ্যে দেশে অনেক উদ্যোক্তা সৃষ্টি হয়েছে। সরকার যুব উদ্যোক্তাদের প্রয়োজনীয় ঋণসহ সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে। আমরা এরইমধ্যে মাংসে স্বয়ং সম্পন্ন হয়েছি। পবিত্র কোরবানির সময় এখন আর গরু বা পশু আমদানি করতে হচ্ছে না। গবাদি পশু উৎপাদন বাড়ার কারণে আমাদের অভ্যন্তরীণ চাহিদা পূরণ হচ্ছে। এতে আমাদের দেশের যুবসমাজের অবদান অনেক। তিনি বলেন, আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন।
আগামী ২০২৬ সালে আমরা এলডিসি গ্র্যাজুয়েশন করে উন্নয়নশীল দেশে পরিণত হবো। দেশের রপ্তানি বেড়েই যাচ্ছে। আগামী ২০২৪ সালে দেশের রপ্তানি ৮০ বিলিয়ন মার্কিন ডলার করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। করোনার মধ্যেও আমরা গত অর্থবছরে ৬১ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি করেছি, এ বছর ৬৭ বিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।
আমরা সম্মিলিতভাবে কাজ করলে বাংলাদেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে বেশি সময় লাগবে না। আগামী ২০৪১ সালে উন্নত দেশের কাতারে নেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. আজহারুল ইসলাম খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ক্যাটল ফার্মারস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রমজান আলী ড্যানী।
