আলো ডেস্কঃ সরকার পতনের হুমকি-ধমকি বা দেশে সংঘাত; কোনো কিছুতে শেখ হাসিনা ভয় পান না, বরং দেশে কোনো সহিংসতা হলে তার সমুচিত জবাব তিনি প্রস্তুত আছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের টানা তিনবারের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল বৃহস্পতিবার সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির ৩০তম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, সরকার পতনের হুমকি-ধমকিতে শেখ হাসিনা ভয় পান না।
অনেকে বলেছিল এই হবে, সেই হবে; দেশ সংঘাতে যাবে। কিন্তু কিছুই তো হলো না। বিএনপির কথা শুনলে এখন ঘোড়াও হাসে। এ সময় বিএনপি আন্দোলন করতে পারে উল্লেখ করে তিনি বলেন, তবে সেটি যদি সহিংস রূপ ধারণ করে; সমুচিত জবাব দেওয়া হবে। ক্লাইমেট চেঞ্জ, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পুরো বিশ্বকে বদলে দিয়েছে মন্তব্য করে সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, আজ ইউরোপণ্ডআমেরিকায় মন্দা দৃশ্যমান। করোনা এখনও ছাড়েনি। তবে যাবে, কেউ জানে না। চীন এখনও এর ফলভোগ করছে। এসবের রেশ আমাদের এখানেও চলছে। তারপরও এখানে একজন রূপকার আছেন। সেই রূপকারের সঠিক সময়ে সঠিক ও সময়োপযোগী নেতৃত্বে শেখ হাসিনা আছেন।
তিনি আছেন বলেই বিনা পয়সায় করোনায় ভ্যাক্সিন দিয়েছি। এ বিশ্ব সংকটেও বাংলাদেশ ঘুরে দাঁড়াতে শুরু করেছে এবং ঘুরে দাঁড়াবে। ওবায়দুল কাদের বলেন, উচ্চ আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ডেড ইস্যু। এটা নিয়ে হাঁকডাক কেউ পছন্দ করে না। রংপুরে আমাদের শোচনীয় পরাজয় হয়েছে, তারপরও আমরা মেনে নিয়েছি। সরকারের পরিবর্তন চাইলে নির্বাচন করুন। জনগণ চাইলে আছি, না চাইলে নেই। তবে বিএনপির আন্দোলন অশ্বডিম্বের মতো। ৩০ ডিসেম্বর বিএনপি ঘোড়ার ডিম পেড়েছে, সামনে একই হবে।
সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, যে দল ঘরে যেমন গণতন্ত্রের চর্চা করে, রাজনৈতিক মাঠেও একই। বিরোধীদল শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়। তবে বিরোধিতার নামে জ্বালাও-পোড়াও কোনো গণতন্ত্র নয়। তবে বিরোধীদলের শান্তিপ্র্ণূ আন্দোলনকে সাধুবাদ জানাই।সবাইকে সততার সঙ্গে কাজ করার পরামর্শ দিয়ে ওবায়দুল কাদের বলেন, ভালো কাজ করতে হবে। যে অপকর্ম করবে, মানসম্মত কাজ করবে না, তার ব্যর্থতাতার ভার মৃত্যুর পর তাকে বহন করতে হবে। খারাপ কাজের ব্যর্থতা ছেলে-মেয়েদের বহন করতে হবে। সৎ থাকার চেষ্টা করতে হবে, একটা মানুষের জন্য কত টাকা দরকার? আমাদের বিবেককে প্রশ্ন করার সময় এসেছে।
প্রয়োজন ছাড়া বিদেশ সফর নয়। কিছু মানুষ টাকা ছাড়া কিছু বোঝে না। তাদের আরও টাকা দরকার। কেউ কেউ কষ্টের টাকা বিদেশে পাঁচার করেছে, তাদের আমরা ঘৃণা করি। দেশ উন্নত করতে দুর্নীতি ও টাকা পাঁচার বন্ধ করতে হবে। প্রকৌশলীদের উদ্দেশ্যে আওয়ামী লীগ সম্পাদক বলেন, নতুন বছরে নয়া অঙ্গীকার নিয়ে পরিকল্পনা করতে হবে। পরিকল্পনা ও সময় অনুযায়ী কাজ করতে হবে। স্মার্ট বাংলাদেশ করতে হলে স্মার্ট যোগাযোগ জরুরি হয়ে পড়েছে। এখানে প্রকৌশলীরা যারা আছেন তাদের স্মার্টার হতে হবে। ওবায়দুল কাদের আরও বলেন, রপ্তানি আয় বেড়েছে; রেমিটেন্সও বাড়তে শুরু করেছে। এখনও রিজার্ভ ৩৪ বিলিয়ন; যেটা দিয়ে ৫ মাসের আমদানি করতে পারবো।
কিছুদিন আগে মেডিকেল চেক আপের জন্য গিয়েছিলাম সিঙ্গাপুরে। সেখানে আমাদের রাষ্ট্রদূত পাকিস্তানি রাষ্ট্রদূতের রেফারেন্স দিয়ে জানান, ওই দেশটির রিজার্ভ ৫ বিলিয়ন ডলারের নিচে। দেশে আসার পথে শুনলাম হাফ বিলিয়নের নিচে নেমে গেছে। শ্রীলঙ্কার মতো অবস্থা হয়েছে পাকিস্তানেরও। কিন্তু শেখ হাসিনার সঠিক নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলেছে। ওবায়দুল কাদের বলেন, সড়কপথে যোগাযোগ ব্যবস্থা বৈপ্লবিক পরিবর্তন দৃশ্যমান। আমাদের এত অর্জন, পদ্মা সেতুর মতো প্রকল্প আমাদের সাহস ও স্বপ্নের প্রতীক, সক্ষমতার প্রতীক। এটা সারাবিশ্বকে বিস্মিত করেছে। সড়ক আইনের বিধিমালা গেজেট আকারে প্রকাশিত হয়েছে ও বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান তিনি। সড়ক মন্ত্রী বলেন, পদ্মা সেতুর বিষয়ে বিশ্বব্যাংক সরে গিয়েছিলো। তারাই আজ নিজেদের ভুল স্বীকার করেছেন। বিশ্বব্যাংক সম্প্রতি উক্তি করেছে যে, বাংলাদেশের আজকের উন্নয়ন ও অর্জন সারাবিশ্ব জেনে গেছে।
১৪ বছর আগের বাংলাদেশ আর আজকের বাংলাদেশে আকাশ পাতাল পার্থক্য বলে মন্তব্য করে কাদের বলেন, এমআরটি-৬ লাইনের প্রথম অংশের উদ্বোধন হয়েছে, এক্সপ্রেসওয়ে হয়েছে, সার্ভিস লেনসহ ৬ লেন হয়েছে শত সড়কের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ আজ উন্নত বিশ্বের সাথে পাল্লা দিয়ে চলছে। যেদিকেই তাকাবেন দেখবেন বদলে যাওয়া বাংলাদেশ, বদলে গেছে মানুষের লাইফস্টাইল। সড়ক উন্নয়নে নিজের স্বপ্নের প্রকল্পসমূহ উল্লেখ করে কাদের বলেন, ঢাকাণ্ডসিলেট চার লেন প্রকল্প, সিলেট-তামাবিল চার প্রকল্প, জয়দেবপুর-এলেঙ্গা চার লেন, রংপুর থেকে বুড়িমারী, ওদিকে যাবে পঞ্চগড় পর্যন্ত। মন্ত্রী জানান, ঢাকা থেকে সিলেট তামাবিল, চট্টগ্রাম থেকে কক্সবাজার, যশোর থেকে খুলনা, ভাঙ্গা থেকে পায়রা, পদ্মা সেতুর সাথে বেনাপোলের সংযোগ চার লেন করা হবে। পাহাড়েও আজ উন্নয়ন পৌঁছে গেছে মন্তব্য করে মন্ত্রী বলেন, দূর-দূরান্তে চলে গেছে সড়ক নেটওয়ার্ক। পাহাড়ের উৎপাদিত পণ্য আগে পঁচে যেতো সেই দুর্দিন আজ নেই।
তিন দিনব্যাপী এ সম্মেলনে প্লটিনাম স্পন্সর হিসেবে রয়েছে বসুন্ধরা বিটুমিন। বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বসুন্ধরা অয়েল এ- গ্যাস কোম্পানি লিমিটেড এর ব্র্যান্ড বসুন্ধরা বিটুমিন। বসুন্ধরা বিটুমিন বেসরকারি খাতে বাংলাদেশের প্রথম ও সর্ববৃহৎ বিটুমিন প্রস্তুতকারী প্রতিষ্ঠান। এ সম্মেলনে সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির সভাপতি সৈয়দ মঈনুল হাসানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. ইসহাক, সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির সাধারণ সম্পাদক অমিত কুমার চক্রবর্তী।
