আলো ডেস্ক: ‘ঢাকা স্যানিটেশন ইম্প্রুভমেন্ট প্রজেক্ট’র পরামর্শক কাজ জয়েন্ট ভেঞ্চারে বাংলাদেশের দুটি প্রতিষ্ঠান এবং অস্ট্রেলিয়ার একটি প্রতিষ্ঠান পেয়েছে। এই পরামর্শ সেবার জন্য ব্যয় হবে ৩৩ কোটি ৭৯ লাখ টাকার বেশি। এ বিষয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার কমিটি অনুমোদন দিয়েছে। একই সঙ্গে ‘আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভার্নেন্স প্রজেক্ট’র পরামর্শক কাজ জয়েন্ট ভেঞ্চারে পাঁচ প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে। এজন্য ব্যয় ধরা হয়েছে ২৮১ কোটি ৭৩ লাখ ১১ হাজার ৭৪২ টাকা। এ বিষয়টি সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অনুমোদন দিয়েছে।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে গতকাল বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা হয়। সভা শেষে এ কথা জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান। তিনি জানান, সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় খাদ্য মন্ত্রণালয়ের দুটি এবং স্থানীয় সরকার বিভাগের দুটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
অনুমোদন দেওয়া চারটি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ৭৩৯ কোটি ২৮ লাখ ৩৩ হাজার ৩৬ টাকা। সাঈদ মহবুব খান বলেন, স্থানীয় সরকার বিভাগের অধীন ঢাকা ওয়াসার ‘ঢাকা স্যানিটেশন ইম্প্রুভমেন্ট প্রজেক্ট’র প্যাকেজ এসডি-২ এর আওতায় পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে জয়েন্ট ভেঞ্চারে অস্ট্রেলিয়ার এসএমইসি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড এবং বাংলাদেশের এসিই কনসালটেন্ট লিমিটেড ও ডেভেলপমেন্ট ডিজাইনিং কনসালটেন্ট লিমিটেডকে নিয়োগ দেওয়ার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
এজন্য ব্যয় ধরা হয়েছে ৩৩ কোটি ৭৯ লাখ ১৮ হাজার ৫৪৪ টাকা। তিনি জানান, স্থানীয় সরকার বিভাগের অধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক ‘আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভার্নেন্স প্রজেক্ট’র পরামর্শক কাজ জয়েন্ট ভেঞ্চারে পাঁচ প্রতিষ্ঠানকে দেওয়ার সিদ্ধান্ত হয়। এজন্য ব্যয় হবে ২৮১ কোটি ৭৩ লাখ ১১ হাজার ৭৪২ টাকা। এই পাঁচ প্রতিষ্ঠান হলো- নিপ্পন কোই কোম্পানি লিমিটেড, কোই রিসার্স অ্যান্ড কনসাল্টিং কোম্পানি লিমিটেড, নিপ্পন কোই বাংলাদেশ লিমিটেড, রিসার্স প্লানিং অ্যান্ড ম্যানেজমেন্ট কনসালটেন্স এবং বিইটিএস কনসাল্টিং সার্ভিস লিমিটেড।
