আলো ডেস্ক: সাতক্ষীরার শ্যামনগরে ডিউটিরত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে ল্যান্স নায়েক মো. পারভেজ আলম (৩০) নামে এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে এটা হত্যা নাকি আত্মহত্যা সেটা নিশ্চিত করতে পারেনি পুলিশ। শ্যামনগর থানার ওসি নূরুল ইসলাম বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবির ওই সদস্য (৮৯৩৯২) বুকের বাম পাশে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।
তবে এটি আত্মহত্যা নাকি অন্যকিছু তা তদন্ত করে দেখতে হবে। গতকাল মঙ্গলবার ভোর ৪টায় শ্যামনগর উপজেলার নীলডুমুরস্থ বিজিবি-১৭ ব্যাটালিয়নে এই ঘটনা ঘটে। লাশটি সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে ময়নাতদন্ত করা হয়েছে। এ ব্যাপারে একটি ইউডি মামলা হবে বলেও জানান ওসি। ওসি আরও জানান, পারভেজ আলমের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার আমকি গ্রামে।
সহকর্মীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. নাজমুল হুদা তাকে মৃত ঘোষণা করেন। অনেক আগেই তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসক নিশ্চিত করেছেন।
ওই বিজিবি সদস্যের লাশ ময়নাতদন্তকারী সদর হাসপাতালের ডাক্তার আহমেদ আলী এবং ডাক্তার তামিম হোসেন জানান, বুকের বামপাশে একটি গুলি বিদ্ধ হয়ে পারভেজ আলম মারা গেছেন। এ বিষয়ে বিজিবি-১৭ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল কামরুল হাসানের সঙ্গে মুঠোফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
