আলো ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশের কোনো কোনো অঞ্চলে তাপমাত্রা বেড়েছে। আবার কোথাও কোথাও কমেছে। তবে যেসব অঞ্চলে শৈত্যপ্রবাহ বইছিল সেসব এলাকায় তাপমাত্রা বেড়েছে। দূর হয়েছে শৈত্যপ্রবাহ। তবে গতকাল মঙ্গলবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। সেখানে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
একদিন আগে সেখানে তাপমাত্রা ছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত সোমবার পঞ্চগড়, মৌলভীবাজার ও কুড়িগ্রাম জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছিল। সর্বনিম্ন তাপমাত্রা কুড়িগ্রামের রাজারহাটে ৯ দশমিক ৬ থেকে ১২ দশমিক ৯, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ থেকে বেড়ে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস হয়েছে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৭ থেকে হয়েছে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে তিনি বলেন, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।
এ সময়ে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান বজলুর রশিদ। মৌলভীবাজারে ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিল চারপাশ। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে রোদের তেজ। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে শ্রীমঙ্গলের তাপমাত্রা ৯ ডিগ্রি থেকে ৮ ডিগ্রির মধ্যে উঠানামা করছে। কয়েকদিন ধরে দুপুরের আগে মিলছে না সূর্যের দেখা। বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ। ঘন কুয়াশার কারণে যানবাহনগুলো চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে।
দিনে ও রাতে খড়কুটো জ¦ালিয়ে শীত নিবারণ করছেন অনেকেই। বিকেল হলে শীতের তীব্রতা বেড়ে সকাল পর্যন্ত তা অব্যাহত থাকছে। শীতের কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে হাওরপাড় ও চা বাগান এলাকাসহ শ্রমজীবী মানুষরা। শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া চা বাগানে শ্রমিক নিপেন বাউরী ও রবি দাশ বলেন, বাগানে শীতের তীব্রতা বেশি রয়েছে।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের আবহাওয়া পর্যবেক্ষণ কর্মকর্তা আনিছুর রহমান বলেন, গত সোমবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে। গত সোমবার তাপমাত্রা ছিল ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশা কমে গেলে তাপমাত্রা আরও কমতে থাকবে।
