তথ্যবিবরণী
নাটোর জেলা তথ্য অফিসের আয়োজনে মহান বিজয় দিবস ২০২২ উদ্যাপন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হল রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: সাইফুর রহমান, পিপিএম।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নুর আহমেদ মাছুম এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক কে এম আব্দুল মতিন, অধ্যাপক অলোক মৈত্র, নাটোর দিঘা পতিয়া এম. কে. কলেজের সাবেক অধ্যক্ষ মো: আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা মো: মকছেদ আলী মোল্লা, বীর মুক্তিযোদ্ধা মো: হাবিবুর রহমান, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফরাজী আহমেদ রফিক বাবন, ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি মো: রেজাউল ইসলাম।
পুলিশ সুপার বক্তৃতাকালে বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের পক্ষের দলকে দেশ পরিচালনার সুযোগ দিতে হবে। বিশ্বের দরবারে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। ২০৪১ সালের মধ্যে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনা মতো চলার আহবান জানিয়ে মো: সাইফুর রহমান সব ধরনের অপপ্রচার, গুজব ও দেশবিরোধী চক্রান্তের বিষয়ে সকলকে সজাগ থাকার পরামর্শ দেন।
সভার বিশেষ অতিথি কে এম আব্দুল মতিন বলেন, দীর্ঘ ২৪ বছরের দুর্বিসহ শাসনকালে পাকিস্তানি শাসকগোষ্ঠী বঙ্গবন্ধুর হাতে দেশের ক্ষমতা হস্তান্তর না করে দেশব্যাপী লুণ্ঠন, নিপীড়ন, নির্যাতন ও সাধারণ জনগণকে হত্যার কারণে মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছিল।
স্বাধীনতার অপরিসীম গুরুত্ব তুলে ধরে সাবেক অধ্যাপক অলোক মৈত্র যুবসমাজকে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে ভবিষ্যত বাংলাদেশের নেতৃত্ব গ্রহণের আহবান জানান। অধ্যক্ষ মো: আব্দুর রাজ্জাক বলেন, সকলকে আধুনিক বাংলাদেশ গঠনে এগিয়ে আসতে হবে এবং বাংলাদেশের স্বাধীনতার মর্যাদা রক্ষা করতে হবে। সকলকে দুর্নীতিমুক্ত সমাজ গঠনে এগিয়ে আসতে হবে উল্লেখ করে নাটোর প্রেসক্লাবের সভাপতি বলেন, দেশকে ভালবাসার মাধ্যমেই কেবল বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণ করা সম্ভব।
অনুষ্ঠানে জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলী ২০৪১ সালের মধ্যে উন্নত এবং প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শনা মেনে চলার পরামর্শ দিয়ে স্বাগত বক্তব্য রাখেন।
এ সময় বীর মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন। তাঁরা দেশের প্রয়োজনে ত্যাগ স্বীকারের প্রয়োজনীয়তা তুলে ধরে বক্তৃতা করেন। তাঁরা সুখী, সমৃদ্ধ ও নিরাপদ বাংলাদেশ নির্মাণে তরুণ প্রজন্মকে তৈরি হওয়ার পরামর্শ দেন।
সহকারী তথ্য অফিসার মোঃ আব্দুল আউয়াল এর সঞ্চালনায় সভায় বিভিন্ন সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি দপ্তর ও সংস্থার প্রধান, বীর মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, রাজনীতিক ও সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
