আলো ডেস্ক: অবৈধ সম্পদ অর্জনের দায়ে মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ও আফরোজা আব্বাসের নামে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এই চার্জশিট দাখিল করা হয়।
দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আরিফ সাদেক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, আফরোজা আব্বাসের নামে ২০ কোটি ৭৪ লাখ ৪৭ হাজার ৮২৮ টাকার সম্পদ মূলত তার স্বামী মির্জা আব্বাসের সহায়তায় এবং তার মাধ্যমে অবৈধ উৎসের আয় থেকে অর্জিত। মির্জা আব্বাস ১৯৯১ সাল থেকে ১৯৯৫ সাল পর্যন্ত সংসদ সদস্য, মন্ত্রী ও ঢাকা সিটি করপোরেশনের মেয়র এবং ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ছিলেন।
তিনি সংসদ সদস্য, মেয়র ও মন্ত্রী হওয়ার সুবাদে স্বামী-স্ত্রী মিলে ঘুষ-দুর্নীতির মাধ্যমে এবং পরবর্তী সময়ে বিভিন্ন অবৈধ উপায়ে ২০০৭ সালের ১৬ আগস্ট পর্যন্ত আফরোজা আব্বাসের নামে সর্বমোট ২০ কোটি ৭৪ লাখ ৪৭ হাজার ৮২৮ টাকার সম্পদ অর্জন করেন। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অবৈধ উপায়ে অর্জিত সম্পদের বৈধতা দেওয়ার অসৎ উদ্দেশ্যে অবৈধভাবে হস্তান্তর, রূপান্তর, অবস্থান গোপন করার অপরাধ প্রমাণিত হওয়ায় তদন্ত কর্মকর্তা আফরোজা আব্বাস ও মির্জা আব্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, দন্ডবিধির ১০৯ ধারায় এবং সেই সঙ্গে মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০০৮; মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০০৯ ও মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪ ধারায় অভিযোগপত্র দাখিল করেন।
