আলো ডেস্কঃ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, মেট্রোরেলে কোনো হাফ ভাড়া নেই। তবে মেট্রোরেল পাস নিলে ১০ শতাংশ ডিসকাউন্ট পাওয়া যাবে।মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে মেট্রোরেলের আগারগাঁও স্টেশনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, ৩৮ মিনিটে উত্তরা থেকে মতিঝিল যাওয়া যাবে। আগারগাঁও থেকে উত্তরা ৬০ টাকা দিয়ে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) থেকে যেতে পারবেন যাত্রীরা। মেট্রোরেলে কোন হাফ পাস (ভাড়া) নেই। তবে মেট্রোরেল পাস নিলে ১০ শতাংশ ডিসকাউন্ট পাবে। যে ভাড়া নির্ধারণ করা হয়েছে তা যৌক্তিক।
এদিকে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ দেশের প্রথম এ মেট্রোরেলের প্রতি কিলোমিটারের ভাড়া ঠিক করেছে ৫ টাকা। গত ৮ সেপ্টেম্বর ভাড়ার পূর্ণাঙ্গ তালিকাও প্রকাশ করা হয়। তবে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ২০ টাকা। তার মানে মেট্রোরেলে চড়তে ন্যূনতম কুড়ি টাকা গুনতেই হবে।
উত্তরা দিয়াবাড়ি (উত্তরা নর্থ স্টেশন) থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত ভাড়া ঠিক করা হয়েছে ৬০ টাকা। উত্তরা নর্থ স্টেশন থেকে উত্তরা সেন্টার ও উত্তরা সাউথ স্টেশনে যেতে সর্বনিম্ন ভাড়া ওই ২০ টাকাই দিতে হবে।
সিঙ্গেল জার্নি টিকিট স্টেশনের কাউন্টার থেকে কাটা যায়, চাইলে ‘টিকিট বিক্রয় মেশিন’ থেকে নিজে নিজেও কাজটি সেরে ফেলা যায়।
উত্তরা নর্থ থেকে পল্লবী ও মিরপুর-১১ স্টেশনের ভাড়া ৩০ টাকা, মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনের ভাড়া ৪০ টাকা এবং শেওড়াপাড়া স্টেশনের ভাড়া ৫০ টাকা।
