আলো ডেস্কঃ বিএনপি নেতাকর্মীদের হত্যা করে আওয়ামী লীগ সরকার গদি রক্ষা করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। গতকাল রোববার দুপুরে নাটোর শহরের পশ্চিম আলাইপুরে জেলা বিএনপির অফিসের সামনের মহাসড়কে আয়োজিত গায়েবানা জানাজায় তিনি এ মন্তব্য করেন।
পঞ্চগড়ের বোদা উপজেলায় বিএনপি নেতা আবদুর রশীদ আরেফিন পুলিশের গুলিতে মারা যাওয়ার ঘটনায় এ গায়েবানা জানাজার আয়োজন করা হয়। দুলু বলেন, আবদুর রশীদ আরেফিন ছিলেন বিএনপির একজন আদর্শের সৈনিক। তিনি সব সময় রাজপথে আন্দোলন-সংগ্রাম চালিয়েছেন। জিয়ার আদর্শের সেই সৈনিককে পুলিশ গুলি করে হত্যা করেছে।
আমরা হত্যাকারীদের শাস্তির দাবি করছি। এভাবে আমাদের নেতাকর্মীদের গুলি করে হত্যা করে কোনোভাবেই আন্দোলন দমিয়ে রাখতে পারবে না। এই সরকারকে পদত্যাগ করিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন করিয়েই ঘরে ফিরব। জানাজায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, বিএনপি নেতা ফরহাদ আলী দেওয়ান শাহীন, নাটোর সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম ও জেলা যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম আফতাবসহ নেতাকর্মীরা।
