আলো ডেস্ক: জমি সংক্রান্ত বিরোধের জেরে খুন হয়েছেন মো. কাদের মিয়া (৩৪)। গতকাল শনিবার সকাল ৭টার দিকে নরসিংদীতে এই ঘটনা ঘটে। আহত কাদের মিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে এলে বেলা ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের গ্রামের বাড়ি নরসিংদীর বদেরপুরের দক্ষিণ পাড়া গ্রামে।
নিহতের স্ত্রী রনি আক্তার বলেন, আমার চাচা শ্বশুর আসাদ মিয়ার সঙ্গে বেশ কিছু দিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। গতকাল শনিবার সকালে আসাদ মিয়াসহ আরও দুই-তিনজন মিলে আমার স্বামীকে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর আহত করেন।
পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শন) মো. বাচ্চু মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি জানানো হয়েছে সংশ্লিষ্ট থানাকে।
