আলো ডেস্ক: লিভার ট্রান্সপ্লান্ট, ক্যানসার চিকিৎসা ও রোগীর নিরাপত্তার বিষয়ে সহযোগিতার লক্ষ্যে আমেরিকার ইউনিভার্সিটি অব নেব্রাস্কা মেডিকেল সেন্টারের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। গতকাল শুক্রবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত মঙ্গলবার আমেরিকার ইউনিভার্সিটি অব নেব্রাস্কা মেডিকেল সেন্টারের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। লিভার ট্রান্সপ্লান্ট, উন্নত ক্যান্সার চিকিৎসা এবং রোগীর নিরাপত্তার বিষয়ে পারস্পরিক সহযোগিতা ও বাংলাদেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে দুই দিনব্যাপী উভয় পক্ষের মধ্যে আলোচনার ধারাবাহিকতায় এ চুক্তি স্বাক্ষরিত হয়।
সভায় বাংলাদেশের পক্ষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং ইউএনএমসির পক্ষে ইউএনএমসির চ্যান্সেলর জেফর পি গোল্ড নেতৃত্ব দেন। অনুষ্ঠানে সমঝোতা স্মারকটি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে কর্ম-কৌশল নির্ধারণে শিগগির উভয় পক্ষের মধ্যে আরও নিবিড় আলোচনা ও যোগাযোগ হবে এমন আশাবাদ ব্যক্ত করা হয়। সভায় বাংলাদেশ চিকিৎসা খাতের উন্নয়নে যৌথ উদ্যোগ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বাংলাদেশে লিভার ট্রান্সপ্লান্ট, উন্নত ক্যান্সার চিকিৎসা ইত্যাদি বিষয়ে সহযোগিতার ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করেন। জটিল এসব রোগের চিকিৎসার জন্য বাংলাদেশের চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান, প্যাথলজিস্ট, অ্যানেসথেসিস্ট ও সংশ্লিষ্ট সবাইকে কীভাবে উন্নত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে বাংলাদেশে মানসম্মতভাবে এসব চিকিৎসা সেবা প্রদান করা যায় সে বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
বাংলাদেশ প্রতিনিধি দল বাংলাদেশের বিদ্যমান জনবল, অবকাঠামো ইত্যাদি বিষয়ে আমেরিকার ইউএনএমসি প্রতিনিধিদের অবহিত করেন। তারা লিভার ট্রান্সপ্লান্ট, ক্যান্সার চিকিৎসা ও রোগীর নিরাপত্তা বিষয়ে করণীয় জানতে চান। এসব বিষয়ে বাংলাদেশে মানসম্মত চিকিৎসা সেবা প্রদানে সহযোগিতার অনুরোধ জানান। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউএনএমসি কর্তৃপক্ষ আন্তরিকতা ও মনোযোগ সহকারে বাংলাদেশ প্রতিনিধি দলের কথা শোনেন এবং সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
এ সময় ইউএনএমসি কর্তৃপক্ষ করোনা মোকাবিলায় বাংলাদেশের সাফল্যের ভ‚য়সী প্রশংসা করেন। ভ্যাকসিন উৎপাদনে বাংলাদেশের উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট হতে আগ্রহ প্রকাশ করে এ বিষয়ে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তারা। গত ১৮ ডিসেম্বর ইউনিভার্সিটি অব নেব্রাস্কা মেডিকেল সেন্টার, ওমাহা, নেব্রাস্কা, আমেরিকা (ইউএনএমসি)-এর আমন্ত্রণে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের নেতৃত্বে একটি বিশষজ্ঞ চিকিৎসক দল যুক্তরাষ্ট্র্র সফরে যান। প্রতিনিধি দলে ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও বিশেষজ্ঞ সার্জন অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম, ক্যান্সার সার্জন খন্দকার এ বি এম আব্দুল্লাহ আল হাসান, ল্যাবরেটরি মেডিসিনের জুনিয়র কনসালটেন্ট ডা. মো. মোস্তাফিজুর রহমান এবং স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব মো. রেয়াজুল হক।
আমেরিকার ইউএনএমসি প্রতিনিধি দলের পক্ষে আলোচনায় অংশ নেন জেফেরি পি গোল্ড, ইউএনএমসির চ্যান্সেলর এইচ ডেলে ডেবিস, সিনিয়র ভাইস চ্যান্সেলর ফর একাডেমি অ্যাফেয়ার্স কেইথ এফ হানসেন, পাবলিক হেলথ ইমারজেন্সি প্রিপায়ার্ডনেস অ্যাসোসিয়েশনের পরিচালক রেমন্ড সি বারগান প্রমুখ।
