আলো ডেস্কঃ মানসম্মত ও উন্নত জীবন যাপনের জন্য পরিকল্পিত নগরায়ণ প্রয়োজন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেন, নিরাপদ ও মানসম্পন্ন আবাসন ব্যবস্থা আধুনিক জীবনযাত্রার অন্যতম উপাদান। আবাসন এক ধরনের হিউম্যান রাইটস (মানবাধিকার)। একই সঙ্গে শপিংমল, স্কুল, হাসপাতাল, মসজিদ ও রাস্তা সবই দরকার। আবাসিক এলাকার কাছাকাছি সবকিছু থাকলে যানবাহনের ব্যবহার কমবে। বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, পরিবেশ দূষণের ব্যাপারে সচেতন হতে হবে। সবকিছু মিলিয়ে আমাদের চিন্তা করতে হবে। আবাসন খাতসহ সব খাতের সমন্বয়ে আমাদের উন্নয়ন হচ্ছে। পদ্মা সেতু, মেট্রোরেলসহ মেগা প্রকল্পের সুবিধা জনসাধারণ পেতে শুরু করেছে। ২০৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নত-সমৃদ্ধ বঙ্গবন্ধুর সোনার বাংলায় পরিণত হবে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, ড্যাপের (ডিটেইলড এরিয়া প্লান) মাধ্যমে আবাসন খাতকে সহায়তা করার ব্যবস্থা করতে হবে।
ড্যাপ প্রণয়ন করা হয়েছে ঢাকাকে বাসযোগ্য করে গড়ে তোলার জন্য। বাসযোগ্য ও নান্দনিক ঢাকা তৈরির জন্য ড্যাপ বাস্তবায়ন জরুরি। অনুষ্ঠানে রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিন বলেন, আমাদের সরকারের প্রতি আস্থা আছে। তবে একদিকে নির্মাণসামগ্রীর দাম বৃদ্ধি, অন্যদিকে করোনা পরবর্তী অর্থনৈতিক দুরবস্থা এখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের খরচ বেড়ে যাওয়ায় কারণে আমাদের বিক্রিতে মন্দা চলছে। ব্যবসায়ীরাও হতাশ। এরমধ্যে ড্যাপের সমস্যায় অনেকেই কাজ করতে পারছেন না। সেটা নিরসনে নির্দিষ্ট প্রস্তাব দিয়েছি। এ সমস্যা সমাধান হলে আবারও আমরা আগের মতো অর্থনীতিতে অবদান রাখতে পারবো।
তিনি বলেন, বর্তমানে জিডিপিতে আবাসন খাতের ১৫ শতাংশ অবদান। ৪০ লাখ মানুষ সঙ্গে জড়িত। এদের বাঁচান। আমরা শুধু নীতি সহায়তা চাই। রিহ্যাবে ভাইস চেয়ারম্যান (প্রথম) কামাল মাহমুদ বলেন, নির্মাণসামগ্রির দাম এখন আকাশচুম্বি। এ ছাড়া ড্যাপের সমস্যা রয়ে গেছে, সেটা আমরা রিভিউ চাচ্ছি। এসব সমস্যা সমাধান হলে আমরা মধ্যবিত্তের চাহিদা ও সামর্থের মধ্যে তাদের আবাসনের ব্যবস্থা করতে পারবো। আবাসন খাতের সবচেয়ে বড় আয়োজন ‘রিহ্যাব ফেয়ার ২০২২’ শুরু হয়েছে বুধবার।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পাঁচ দিনব্যাপী এ মেলা চলবে আগামী রোববার পর্যন্ত। রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এ মেলার আয়োজন করেছে। ক্রেতা-বিক্রেতাদের সুবিধার কথা মাথায় রেখে ২০০১ সাল থেকে রিহ্যাব ফেয়ারের আয়োজন করছে আবাসন খাতের এ সংগঠন। আয়োজকরা জানায়, এবারের মেলায় ১৮০টি স্টল রয়েছে।
এরমধ্যে ৩টি ডায়মন্ড প্যাভিলিয়ন, ৭টি গোল্ড স্পন্সর, ২২টি কো-স্পন্সর, ১৬ টি বিল্ডিং ম্যাটেরিয়ালস ও ১৩ অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানের স্টল। এ বছর মেলায় ডায়মন্ড স্পন্সর হিসেবে রয়েছে রূপায়ন হাউজিং এস্টেট লিমিটেড, রূপায়ন রিয়েল এস্টেট লি. এবং আর এ কে সিরামিকস (বাংলাদেশ) লি.।
