আলো ডেস্ক: নওগাঁর পত্নীতলা উপজেলায় বিআরটিসি বাসের ধাক্কায় রাব্বি (১৭) নামে এক মোটসাইকেল আরোহী নিহত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে উপজেলার বিজিবি ক্যাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাব্বি উপজেলার পাটিচরা ইউনিয়নের গাহন কবিরাজ পাড়া গ্রামের খাইরুল ইসলামের ছেলে। পত্নীতলা থানার ওসি পলাশ চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাব্বি মোটসাইকেল নিয়ে উপজেলার নজিপুর থেকে বাড়ির দিকে যাচ্ছিল। পথে বিজিবি ক্যাম্প এলাকায় পৌঁছালে দিনাজপুর থেকে নজিপুরের দিকে আসা একটি বিআরটিসি বাস তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে রাব্বি মোটসাইকেল থেকে রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পত্নীতলা থানার ওসি পলাশ চন্দ্র দেব বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।
