আলো ডেস্কঃ আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে ফ্রান্স একাদশে করিম বেনজেমাকে খেলানো হবে কি না, তা নিয়ে চলছে জল্পনা। ইনজুরির কারণে কাতার বিশ্বকাপ থেকে ছিটকে যান এই ব্যালন ডি’অর জয়ী তারকা। তবে স্কোয়াড থেকে তাকে বাদ দেওয়া হয়নি। সেই ইনজুরি থেকে তিনি সুস্থ হয়েছেন। তাই ইউরোপিয়ান সংবাদমাধ্যম বলেছে, ফাইনালে দেশমের তুরুপের তাস হতে পারেন বেনজেমা।
এদিকে শোনা যাচ্ছে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ চাইছেন ইনজুরিতে ছিটকে যাওয়া ফরাসি ফুটবলাররা ফাইনালের দিন মাঠে থাকবেন। সেদিক দিয়ে বেনজেমারও রবিবারের ফাইনালে থাকার সম্ভাবনা আছে। তবে তাকে একাদশে খেলানো হবে কি না, এমন প্রশ্নের জবাবে সংবাদ সম্মেলনে বিরক্তি প্রকাশ করে ফ্রান্স কোচ দেশম বলেছিলেন, ‘আমি এ প্রশ্নের উত্তর দিতে চাই না।
দয়া করে পরের প্রশ্নটি করুন। ’ এবার ইনস্টাগ্রামে বেনজেমার পোস্ট ঘিরে শুরু হলো নতুন বিতর্ক। নিজের ছবি পোস্ট করে ক্যাপশনে বেনেজমা লিখেছেন, ‘আমি আগ্রহী নই। ’ স্রফে এটুকুই। ফুটবল বিশ্লেষক এবং সমর্থকরা মনে করছেন, দেশমের ওপর অভিমান করেই বেনজেমা বিশ্বকাপ ফাইনালে খেলতে না চাওয়ার দিকেই ইঙ্গিত করেছেন। আবার কেউ বলছেন, তিনি হয়তো অভিমানে গ্যালারিতেও উপস্থিত থাকবেন না! আসলে কী হবে, তা জানা যাবে আজ রোববার রাত ৯টার পর।
