আলো ডেস্ক: নওগাঁয় আলুর ক্ষেত থেকে মোহাম্মদ জালাল (৫৫) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের বাইপাস সড়কের গাবতলী মোড়ে এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মোহাম্মদ জালাল পার্শ্ববর্তী বগুড়া জেলার আদমদীঘি উপজেলা সান্তাহার দমদমা গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। নওগাঁ সদর থানার ওসি ফয়সাল বিন আহসান বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে স্থানীয়রা আলুর ক্ষেতে লাশ দেখে পুলিশে খবর দেয়। সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওসি আরও বলেন, মোহাম্মদ জালালের লাশ উদ্ধারের সময় মুখমণ্ডল থেঁতলানো এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরে প্রস্তুতি চলছে।
