আলো ডেস্ক: মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ফুল আর রং তুলির আঁচড়ে সাজানো হচ্ছে পুরো সৌধ এলাকা। নিরাপত্তায় মোতায়েন রয়েছে পুলিশ, বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। গতকাল সোমবার সরেজমিন এমন চিত্র দেখা গেছে। ১৬ ডিসেম্বর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ সর্বস্তরের জনগণ বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
দিনটি উপলক্ষে সৌধ এলাকায় নেওয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি। সৌধের বাইরেও সৌন্দর্যবর্ধনের জন্য নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। স্মৃতিসৌধ এলাকার একজন পরিচ্ছন্নতাকর্মী জানান, সৌধের প্রধান ফটকসহ সবগুলো ফটকের সামনের সড়কে ডিভাইডারে রং করা হয়েছে। স্মৃতিসৌধের ভেতরে বিভিন্ন রঙের আলোকবাতি সংযোজনের কাজ চলছে।
এ ছাড়া ফুল গাছসহ শোভাবর্ধক গাছে নতুন টব দেওয়া হচ্ছে। এদিকে, দিনটি উপলক্ষে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। বাড়ানো হয়েছে নিরাপত্তার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের উপপরিদর্শক আল মামুন কবির বলেন, সব ধরনের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
নিরাপত্তার জন্য বসানো সিসিটিভি ক্যামেরায় সবকিছু মনিটরিং করা হচ্ছে। এরইমধ্যে সৌধ এলাকার বাইরে আতশবাজি ও উচ্চৈঃস্বরে মাইক বাজানোয় দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো নিরাপত্তা চৌকি।
