আলো ডেস্ক: ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ নয়াপল্টনেই করার সিদ্ধান্ত রয়েছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, প্রশাসন চাইলে পছন্দের জায়গার বিকল্প নাম দেবে বিএনপি। গতকাল সোমবার দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। মির্জা আব্বাস বলেন, সোহরাওয়ার্দী উদ্যান আর তুরাগ পাড় ছাড়া ঢাকা মহানগরীর ভেতরে সন্তোষজনক কোনো স্থান হলে বিবেচনা করা হবে।
নয়াপল্টনের বিকল্প কোনো জায়গা বিএনপির পছন্দ আছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নে মির্জা আব্বাস বলেন, আমাদের যদি বলে আমরা পছন্দ করে দেবো। কিন্তু এখন নাম বলবো না। বিএনপির সমাবেশ ঘিরে সরকার সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। এমন অভিযোগ করে মির্জা আব্বাস বলেন, গতকাল (গত রোববার) ঢাকা মহানগর নেতা ইশরাক হোসেনের ওপর হামলার মধ্য দিয়ে এটা প্রমাণ হয়েছে। সমাবেশ বানচাল করতে হামলা, গ্রেপ্তার করা হচ্ছে অভিযোগ তুলে তিনি বলেন, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায় সরকারকেই নিতে হবে।
সমাবেশ করতে বিএনপিকে ছাড় দেওয়া হয়েছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এমন বক্তব্যের জবাবে মির্জা আব্বাস বলেন, বাংলাদেশ কাউকে ইজারা দেওয়া হয়নি। তাদের ছাড় দেওয়ার কি আছে? সমাবেশ করা সবার সাংবিধানিক অধিকার। মির্জা আব্বাস বলেন, সরকার বিএনপির সমাবেশ নিয়ে কেন ভয় পাচ্ছে, বুঝি না।
মির্জা আব্বাস বলেন, সকাল থেকে তার শাহজাহানপুরের বাসা ঘিরে রাখে পুলিশ। ওই সময় বাসায় নেতাকর্মীদের নিয়ে ঘরোয়া প্রস্তুতি সভা চলছিল। পুলিশি ঘেরাওয়ে এ সময় আতঙ্কিত হয়ে পড়েন নেতাকর্মীরা। আতঙ্কে অনেকে বাসা থেকে বেরিয়ে যেতে চাইলে পুলিশ বেশ কয়েকজনকে আটক করে। পরে অবশ্য তাদের ছেড়ে দেওয়া হয়। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার বাড়ির সামনে তল্লাশি চৌকি, নেতাকর্মীদের গ্রেপ্তার হয়রানি, আমার বাসা ঘেরাও সবই একইসূত্রে গাঁথা। বাসা ঘেরাও করে ১০ ডিসেম্বর বিএনপির গণসমাবেশ দমানো যাবে না।
সমাবেশ বানচাল করতে ভয় পেয়ে সরকার এসব করছে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমানউল্লাহ আমান, দক্ষিণের আহবায়ক আবদুস সালাম, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ইশরাক হোসেন প্রমুখ।
