আলো ডেস্ক: বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নাদিম মোস্তফার জামিন মঞ্জুর করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর জেলা ও দায়রা জাজ আদালতের বিচারক আবদুল হালিম তার জামিন আবেদন মঞ্জুর করেন। রাজশাহী জেলা পুলিশের আদালত পরিদর্শক পরিমল চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুপুরে নাদিম মোস্তফা আদালতে জামিনের আবেদন জানান। আদালত জামিন মঞ্জুর করেছেন। বর্তমানে আদালতের নির্দেশে তাকে জেল খানায় পাঠানো হয়েছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিবে। এর আগে, ২৩ নভেম্বর দুপুরে নগরীর পাঠানপাড়ার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার হন এ বিএনপি নেতা।
রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। জানা যায়, ২০১৫ সালের ৫ জানুয়ারি আলোচিত পুঠিয়ার বানেশ্বরের মজির উদ্দীন হত্যা মামলায় ১১ জানুয়ারি নাদিম মোস্তফার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। পরে তিনি গত মার্চ মাসে উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পান।
তবে উচ্চ আদালত নাদিম মোস্তফাকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিলেও তিনি হাজির হননি। সাড়ে সাত বছর আগের হত্যা মামলায় নাদিম মোস্তফাকে গ্রেপ্তার দেখানো হলেও বিএনপি নেতারা দাবি করছিলেন, ৩ ডিসেম্বর রাজশাহীতে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীদের গ্রেপ্তার অভিযানে নেমেছে পুলিশ।
