আলো ডেস্ক: ফরিদপুরে হাজিরা দিতে এসে আদালত প্রাঙ্গণে মাহাবুবুর রহমান গাজী (৩৬) নামে এক আসামির মৃত্যু হয়েছে। মৃত আসামি সাতক্ষীরার আশাশুনি থানার শ্রীউলা গ্রামের মশিউর রহমান গাজীর ছেলে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে ফরিদপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের প্রথম আদালতের সামনে এ ঘটনা ঘটে।
আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, মাহাবুবুর রহমান গাজী একটি সড়ক দুর্ঘটনার মামলার আসামি ছিলেন। তিনি এ মামলার হাজিরা দিতে এসে ফরিদপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের প্রথম আদালতের বিচারক মো. ফরিদ আহম্মেদের কোর্টের বারান্দায় অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কোতয়ালী থানার এসআই শামীম হাসান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ফরিদপুরের জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কিন্তু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফরিদপুরের কোর্ট পরিদর্শক মো. আবুল খায়ের মিয়া বলেন, আদালতে হাজিরা দিতে এসে মাহাবুবুর রহমান নামে এক আসামি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফরিদপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) গণেশ কুমার আগরওয়ালা বলেন, একজন আসামি আদালতে সাক্ষী দিতে এসে মারা গেছে। বেলা ১১টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে এই মুহূর্তে বলা সম্ভব নয়। লাশ ময়নাতদন্তের পর বিস্তারিত তথ্য জানা যাবে।
