আলো ডেস্ক: নাটোরের নলডাঙ্গা উপজেলার সেনভাগক্ষ্ণিকোল এলাকার মফাপাড়া ব্রিজের নিচে সাদা রংয়ের ড্রামে মো. মোজাহার হোসেন (৫৫) নামে এক ব্যক্তির বস্তাবন্দি লাশ পেয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে লাশটি পাওয়া যায়। মোজাহারের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার কাতিলা ইউনিয়নের নখোপাড়া গ্রামে।
তবে তিনি নওগাঁ জেলার আত্রাই উপজেলার দিঘা পরেশনগর গ্রামে থাকতেন। নলডাঙ্গা থানার ওসি মো. আবুল কালাম জানান, সকালে স্থানীয় লোকজন ড্রামের মধ্যে লাশ দেখে পুলিশে খবর দেন।
পরে পুলিশ গিয়ে লাশসহ ড্রামটি উদ্ধার করে এবং রাজশাহীর ক্রাইম সিনকে খবর দেয়। পরে রাজশাহী থেকে ক্রাইম সিনের একটি প্রতিনিধি দল এসে লাশ ড্রাম থেকে বের করে। এরপর তার নাম পরিচয় জানা যায়। ওসি আরও জানান, কে বা কারা কেন তাকে হত্যা করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
