আলো ডেস্ক: চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে মানববন্ধন করেছেন বাংলাদেশে রেলওয়েতে নিয়োগ পাওয়া অস্থায়ী শ্রমিকরা (টিএলআর)। চাকরি স্থায়ীকরণ, আউটসোর্সিং প্রথা বাতিল এবং নিয়োগবিধি ২০২০ সংশোধন করে আগের মতো চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে যোগদানে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাস বহাল রাখার দাবিতে বিক্ষোভ সমাবেশ মানববন্ধন করেন তারা। গতকাল মঙ্গলবার সকালে কমলাপুর রেলস্টেশনে বাংলাদেশ রেলওয়ে অস্থায়ী শ্রমিকদের ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব দাবি জানানো হয়।
সমাবেশে বলা হয়, বাংলাদেশ রেলওয়ের জনবল সংকট নতুন কথা নয়। জনবল পূরণে শুরু থেকেই প্রতিষ্ঠানটি শূন্য পদের বিপরীতে এতদিন অস্থায়ী শ্রমিক নিয়োগ দিয়ে আসছিল। কিন্তু বর্তমানে আউটসোর্সিং প্রক্রিয়ার মাধ্যমে লোক নিয়োগ দেয়া হচ্ছে। ফলে আউটসোর্সিং প্রক্রিয়া বাতিল করার দাবি জানিয়েছেন এই অস্থায়ী নিয়োগের শ্রমিকরা।
বাংলাদেশ রেলওয়ের জনবল সংকট নতুন কথা নয়। জনবল পূরণে শুরু থেকেই প্রতিষ্ঠানটি শূন্য পদের বিপরীতে এতদিন অস্থায়ী শ্রমিক নিয়োগ দিয়ে আসছিল। কিন্তু বর্তমানে আউটসোর্সিং প্রক্রিয়ার মাধ্যমে লোক নিয়োগ দেওয়া হচ্ছে। যার ফলে অস্থায়ী শ্রমিকরা আউটসোর্সিং প্রক্রিয়া বাতিলের দাবি জানিয়েছে। আন্দোলনে থাকা বাংলাদেশ রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা বলেন, এখানে দারোয়ান, রেলের ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন পদে অস্থায়ীভাবে মোট ৭ হাজার শ্রমিক কর্মরত আছেন। আমাদের মধ্যে অনেকের চাকরির বয়স ৩-১০ বছর।
বর্তমানে আমাদের বয়স ৩৫-৪০ বছরের মধ্যে। এমন পরিস্থিতিতে আমাদের অন্য কোথাও চাকরি করার বয়স নেই। বাংলাদেশ রেলওয়েতে কখনো আউটসোর্সিং খাত ছিল না। বর্তমানে আমাদের অস্থায়ী শ্রমিকদের ভবিষৎ অন্ধকার করার জন্য এটা চালু করা হয়েছে। যা আমাদের জীবন ধ্বংস করার খাত বলে বিবেচিত। আমরা এ আউটসোর্সিং প্রথা বাতিলের দাবি জানাচ্ছি। সমাবেশে প্রায় ৩০ জন রেলের অস্থায়ী শ্রমিকরা উপস্থিত ছিলেন।
