আলো ডেস্ক: বগুড়ার ধুনটে আদালতে যাওয়ার পথে আসামির হামলায় আবদুল খালেক (৬৫) নামে এক সাক্ষী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের কোদলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবদুল খালেক কোদলাপাড়া গ্রামের মৃত আজাহার আলীর ছেলে।
পুলিশ ও নিহতের পারিবার জানায়, কোদলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের কোষাধ্যক্ষ একই গ্রামের মোজাম্মেল হক। প্রায় এক মাস আগে ওই মসজিদের উন্নয়নে মুসল্লিদের বাড়ি থেকে একমণ করে চাল তোলে মসজিদ কমিটি। কোষাধ্যক্ষ ওই চাল বাকিতে নিহত আবদুল খালেকের ছোট ভাই আবদুস ছাত্তারের কাছে বিক্রি করেন।
কিন্তু চালের টাকা পরিশোধ করতে তালবাহানা করেন আবদুস ছাত্তার। বিষয়টি নিয়ে ৩ নভেম্বর মসজিদ চত্বরে আবদুস ছাত্তার ও মোজাম্মেল হকের মাঝে মারপিটের ঘটনা ঘটে। এ ঘটনায় আবদুস ছাত্তার বাদি হয়ে বগুড়া আদালতে মামলা করেন। ওই মামলায় মোজাম্মেল হক ও তার ছেলে ফজলুল হকসহ সাতজনকে আসামি করা হয়। মামলার সাক্ষী ছিলেন আবদুল খালেক।
বাদি আবদুস ছাত্তার ও তার ভাই আবদুল খালেক সকালে মামলার সাক্ষ্য দিতে আদালতের উদ্দেশ্যে বের হন। পথিমধ্যে আসামিদের বাড়ির পাশের রাস্তায় পৌঁছলে মামলার ১নং আসামি ফজলুল হক ও তার লোকজন হামলা করে। এতে আহত হন আবদুল খালেক। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ধুনট থানার ওসি রবিউল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ময়না তদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
