আলো ডেস্ক: দেশের দক্ষিণ অংশের তিন বিভাগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এরইমধ্যে রাতের তাপমাত্রা সামান্য বেড়েছে, গতকাল সোমবারও তা অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। গতকাল সোমবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে যথারীতি পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।
গত রোববার তা ছিল ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গত রোববার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস থাকলেও গতকাল সোমবার তা বেড়ে হয়েছে ১৯ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। গতকাল সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে তিনি বলেন, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এসময়ে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান ওমর ফারুক।
