আলো ডেস্ক: আওয়ামী লীগের কোনো নেতাকর্মী ঢাকায় বিএনপির আগামী ১০ ডিসেম্বরের গণসমাবেশের ধারেকাছেও যাবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একই সঙ্গে তিনি ১০ ডিসেম্বরের গণসমাবেশ ঘিরে কোনো ধরনের জনদুর্ভোগ সৃষ্টি না করতে বিএনপি নেতাদের প্রতি আহবান জানিয়েছেন। গতকাল সোমবার দুপুরে দিনাজপুর জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন আগামী ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। প্রথমে এই সম্মেলনের জন্য ৩ ডিসেম্বর তারিখ নির্ধারণ করা হয়েছিল। তবে পরে তা প্রধানমন্ত্রীর নির্দেশে স্থগিত করা হয়। এরপর ৮ ও ৯ ডিসেম্বর এ সম্মেলন আয়োজনের কথা জানানো হয় ছাত্রলীগের পক্ষ থেকে। কিন্তু শেষ পর্যন্ত তা ৬ ডিসেম্বর তারিখে চ‚ড়ান্ত হয়। ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন ৮ তারিখ থেকে ৬ তারিখে করা বিএনপির আন্দোলনের ফসল নয়, এটিকে শেখ হাসিনার উদার নৈতিকতার ফসল বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের।
অন্যদিকে গতকাল সোমবার বিকেলে জেলা স্কুল মাঠে আয়োজিত জামালপুর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে বিএনপিকে উদ্দেশ্য করে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, বিএনপির সমাবেশে কোনো বাধা দেওয়া হবে না। কিন্তু, দলটির নেতাকর্মীরা যদি আগুন-লাঠি নিয়ে আসেন, আওয়ামী লীগ ললিপপ চুষবে না। ওবায়দুল কাদের বলেন, আগামী ১০ ডিসেম্বর বিএনপির সম্মেলন। বাঁধা দেওয়া হবে না। তবে আগুন-লাঠি নিয়ে এলে আওয়ামী লীগও বসে বসে ললিপপ চুষবে না। খেলা হবে।
এ সময় বিএনপি যেন সুষ্ঠুভাবে তাদের সম্মেলন আয়োজন করতে পারে, সে কারণে ছাত্রলীগের সম্মেলন দুদিন এগিয়ে আনা হয়েছে বলে জানান তিনি। জামালপুরে ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ বাহাউদ্দিন নাছিম, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, বাবু অসিম কুমার উকিল, কেন্দ্রীয় সদস্য মারুফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমন আডে, ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ ফরিদুল হক খান, আবুল কালাম আজাদ, ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন, সাবেক ভ‚মিমন্ত্রী আলহাজ রেজাউল করিম হীরা, বেগম হোসনে আরা ও জামালপুর পৌর মেয়র আলহাজ ছানোয়ার হোসেন ছানু প্রমুখ। ত্রি-বার্ষিকী সম্মেলনে জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে ফের নির্বাচিত হন অ্যাডভোকেট বাকী বিল্লাহ। সাধারণ সম্পাদক হিসেবে বাবু বিজন কুমার চন্দের নাম ঘোষণা করা হয়েছে।
