আলো ডেস্ক: মুন্সীগঞ্জের শ্রীনগরে বাবা-মার সঙ্গে অভিমান করে ষষ্ঠ শ্রেণির এক ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল রোববার সকালে এ ঘটনা ঘটে। আত্মহত্যা করা কিশোরের নাম দেব মণ্ডল, সে উপজেলার শ্রীনগর সদর ইউনিয়নের কলেজ গেইট এলাকার শ্যামল মণ্ডলের ছেলে এবং শ্রীনগর পাইলট স্কুল অ্যাণ্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
কিশোর দেব মণ্ডলের মামা রিপন মণ্ডল জানান, বাবা-মার সঙ্গে অভিমান করে ফাঁকা বাড়িতে বসতঘরের আড়ার সঙ্গে গলায় ওড়ানা পেঁচিয়ে আত্মহত্যা করে। মুমূর্ষু অবস্থায় তাকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের চিকিৎসক ডা. মো. ইব্রাহিম জানান, হাসপাতালে আনার আগেই ওই কিশোরের মৃত্যু হয়েছে। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
