আলো ডেস্ক: মাদারীপুরে নিখোঁজের দুইদিন পর মৌসুমি আক্তার (২৪) নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে সদর উপজেলার উত্তর দুধখালী এলাকার নদীর পাড়ের একটি বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মৌসুমি আক্তার সদর উপজেলার দুধখালী ইউনিয়নের উওর দুধখালী গ্রামের মানিক হাওলারের মেয়ে ও একই এলাকার সৌদি প্রবাসী ইলিয়াস মীনার স্ত্রী।
তিনি কিছুদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। তার ৫ ও ৪ বছর বয়সী ২ টি শিশু সন্তান রয়েছে। জানা গেছে, গত বুধবার বিকেলে বাবার বাড়ি উত্তর দুধখালী থেকে একই গ্রামে দাদির বাড়ির উদ্দেশ্যে বের হয় মৌসুমি। দাদির সাথে দেখা করে আর বাড়িতে ফিরে আসেনি সে। তার পরিবার বিভিন্ন স্থানে খোজাখুঁজি করেও তার সন্ধান পান নি।
এ ঘটনার দুইদিন পরে গত শুক্রবার বিকেলে স্থানীয় এক নারী নদীর পাড়ের বাগানে গলায় দড়ি পেঁচানো ভাঙ্গা গাছের ডালের সাথে মাটিতে লুটিয়ে পড়া অবস্থায় লাশ দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেয়। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
নিহতের স্বজনরা জানান, ‘তার আত্মহত্যা করার কোন প্রশ্নই উঠে না! দূর্বৃত্তরা ধর্ষণ শেষে হত্যা করে গাছের ডালের সাথে ঝুলিয়ে দেয়া হয়েছে। আমরা ঘটনার তদন্ত করে সুষ্ঠু বিচারের দাবি জানাই। মাদারীপুর সদর মডেল থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, এই ঘটনার রহস্য উদঘাটনের কাজ শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের ফলাফল আসলে বিষয়টি জানা যাবে।
