আলো ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলার বড়জালা সীমান্ত দিয়ে অনুপ্রবেশের অভিযোগে অরুণ সরকার (৩১) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। অরুণ মাধবপুরের চিহ্নিত মাদক ব্যবসায়ীদের সঙ্গে দেখা করতে এসেছিলেন বলে পুলিশ জানিয়েছে। গত বৃহস্পতিবার রাত সোয়া ১০টায় পুলিশের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
অরুণ ভারতের পশ্চিম ত্রিপুরা জেলার বিজয়নগর উপজেলার সুনীল সরকারের ছেলে। গতকাল শুক্রবার মাধবপুর থানার ওসি মুহাম্মদ আবদুর রাজ্জাক বলেন, অরুণ সরকার প্রায়ই অবৈধভাবে বাংলাদেশে আসতেন বলে জানা গেছে। গত বৃহস্পতিবার বিকেলেও তিনি বড়জালা সীমান্তে কাটাতারের বেড়া পেরিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন।
এ সময় স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে খবর দেন। পরে কাশিমনগর পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। তিনি আরও জানান, অরুণের নামে বাংলাদেশ কন্ট্রোল অব এন্ট্রি আইন, ১৯৫২ এর ৪ ধারায় মাধবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।
এ মামলার বাদী মাধবপুরের কাশিনগর পুলিশ ফাঁড়ির এসআই মো. ইসমাইল হোসেন জানান, বাংলাদেশের মাদকবিক্রেতাদের সঙ্গে অরুণের যোগাযোগ রয়েছে। গত বৃহস্পতিবারও তিনি মাদক ব্যবসায়ীদের সঙ্গে দেখা করতে এসেছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
