আল আমিন স্বাধীন
নওগাঁর মান্দায় মাদক বিরোধী পৃথক অভিযানে এক কেজি গাঁজা ও ২০ পিস নেশার ইয়াবা বড়িসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার হাটচকগৌরী ও সতিহাট এলাকা থেকে মাদকসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন, রাজশাহীর বাগমারা উপজেলার দামনাশ এলাকার ইনতাজ আলীর ছেলে শাকিল হোসেন (২৪) ও মান্দা উপজেলার মিরপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে আরিফুল ইসলাম (২৪)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক জাহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ চকগোপাল-রাজনগর রাস্তায় অভিযান চালিয়ে শাকিল হোসেনকে গ্রেপ্তার করেন। এ সময় তার কাছে থাকা ব্যাগে তল্লাশী চালিয়ে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অন্যদিকে থানার উপপরিদর্শক আবদুল মোমিন সঙ্গীয় ফোর্সসহ সতিহাট এলাকায় অভিযান চালিয়ে ২০ পিস নেশার ইয়াবা বড়িসহ আরিফুল ইসলামকে গ্রেপ্তার করে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বলেন, মাদক বিরোধী অভিযানে গাঁজা ও নেশার বড়িসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে বুধবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
