আলো ডেস্ক: বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি দুর্বল হয়ে বর্তমানে লঘুচাপে আকারে অবস্থান করছে। ফলে তাপমাত্রা কমার আভাস রয়েছে। বুধবার এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপ এবং পরে লঘুচাপ আকারে পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন অন্ধ্র উপকূল ও তামিলনাড়ু এলাকায় অবস্থান করছে।
উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ অবস্থান করছে বিহার ও এর পার্শ্ববর্তী এলাকায়। এ অবস্থায় বৃহস্পতিবার সকাল পর্যন্ত সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়বে। এ ছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
ঢাকায় উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ০৮-১৫ কিলোমিটার। আগামী তিনদিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। বুধবার বেলা ১১টা থেকে আগের ২৪ ঘণ্টায় দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুতুবদিয়ায়, ৩২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল এ সময়ে ২০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
