আলো ডেস্ক: সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে আজ শনিবার বিভাগীয় গণসমাবেশ করবে বিএনপি। সমাবেশের আগের দিন গতকাল শুক্রবার মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলায় বাস ধর্মঘট চলে। গতকাল শুক্রবার সকাল থেকে এই তিন জেলায় কোনো বাস চলাচল করেনি। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। তবে বাস ধর্মঘট ও পুলিশের বাধা উপেক্ষা করে সুনামগঞ্জ থেকে বিএনপির হাজার হাজার নেতাকর্মী সমাবেশের দিকে ছোটেন। সকালে দেখা গেছে, মোটরসাইকেল বহর নিয়ে সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভপুর, তাহিরপুর ও দোয়ারাবাজারসহ ১২টি উপজেলা থেকে বিএনপির কয়েক হাজার নেতাকর্মী সমাবেশে যাচ্ছেন।
নেতাকর্মীদের অভিযোগ, উপজেলা থেকে জেলা সদরে আসার সময় চালবন পয়েন্ট চাদনীঘাট, আব্দুজ জহুর সেতু, হাছন তোরণ, পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের বাধার মুখে পড়েন তারা। জাতীয় ও দলীয় পতাকা কাঁধে নিয়ে সিলেটের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। দুপুর ১২টা দিরাই রাস্তার মোড় থেকে একত্র হয়ে বিএনপির যাত্রা শুরু করেন তারা। এদিকে যাত্রীবাহী বাস ও মিনিবাস চলাচল বন্ধের কারণে সাধারণ মানুষ সীমাহীন দুর্ভোগে পড়েছেন। দ্বিগুণ ভাড়া দিয়ে জরুরি প্রয়োজনে চলাচল করেন।
জেলা শহরের আধিকাংশ দোকান-পাট বন্ধ ছিল। আকস্মিক ধর্মঘটের বিষয় না জানায় যাত্রীরা পড়েন নানান সমস্যায়। বাস-মিনিবাস চলাচল বন্ধ থাকলে জেলার প্রধান সড়কে প্রাইভেটকার, মাইক্রোবাস, লেগুনা, সিএনজিচালিত অটোরিকশা ও ইজিবাইকসহ অন্যান্য যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে এসব যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়। এদিকে বাস মালিকরা বলছেন, হবিগঞ্জ ও মৌলভীবাজারে গতকাল শুক্রবার ভোর ৬টা থেকে পরিবহন ধর্মঘট শুরু হওয়ায় ঢাকাসহ দূরপাল্লার বাসগুলো সিলেট ছেড়ে যেতে পারছে না। ঢাকা, কুমিল্লা ও ময়মনসিংহ এবং চট্টগ্রাম থেকে বাস সিলেটে আসতেও পারছে না।
তবে সিলেট জেলার অভ্যন্তরে বাস চলাচল করছে বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। গতকাল শুক্রবার দুপুরে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে এলাকায় দেখা যায়, টার্মিনাল থেকে আন্তঃজেলা বাস ছাড়া দূরপাল্লার কোনো বাস ছাড়ছে না। আন্তঃজেলা বাসও সংখ্যায় খুব কম। দূরপাল্লার বাসের কাউন্টারগুলোও বন্ধ রয়েছে। এবিষয়ে সিলেট জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি মো. আবুল কালাম বলেন, আমাদের ধর্মঘট শনিবার। কিন্তু মৌলভীবাজার ও হবিগঞ্জে গতকাল শুক্রবার থেকে ধর্মঘট শুরু হয়েছে। ঢাকাসহ অন্যান্য জেলায় যেতে হলে এ দুই জেলা পাড়ি দিয়ে যেতে হয়। কিন্তু দুই জায়গায়ই ধর্মঘট থাকায় দূরপাল্লার বাস আসা-যাওয়া করতে পারছে না।
তবে সিলেট মহানগর থেকে জেলার বিভিন্ন উপজেলার সঙ্গে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। তিনি বলেন, অটোরিকশায় গ্রিল স্থাপন, নতুন করে কোনো অটোরিকশাকে রেজিস্ট্রেশন প্রদান না করাসহ চার দফা দাবিতে শনিবার সিলেটে ভোর ৬টা থেকে ১২ ঘণ্টার বাস ধর্মঘট ডাকে মালিক সমিতি। ভিন্ন চারটি দাবিতে শনিবার অন্য পরিবহনগুলোরও ধর্মঘট ডেকেছে সিলেট বিভাগীয় শ্রমিক ঐক্য পরিষদ।
সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সামছুজ্জামান বলেন, ধর্মঘট ডেকেছে পরিবহন শ্রমিক মালিক আর যানবাহন চলাচলে বাধা দিচ্ছে পুলিশ। এতে সাধারণ মানুষ বিপাকে পড়েছেন। জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু বলেন, বিএনপির নেতাকর্মীদের সমাবেশে যোগদান ঠেকাতে জেলা শহরের প্রবেশের প্রতিটি পয়েন্টে পুলিশ অবস্থান নিয়ে বাধা দিচ্ছে। সরকার জোর করে পরিবহন শ্রমিক মালিকদের বাধ্য করেছে বাস মিনিবাস চলাচল বন্ধ করতে। জেলা কৃষক দলের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আনিসুল হক বলেন, গতরাত থেকে পুলিশ বিএনপির নেতাকর্মীদের ঠেকাতে পয়েন্টে পয়েন্টে অবস্থান নিয়েছে।
দুপুরের জনস্রোতের তোড়ে পুলিশ বিএনপির নেতাকর্মীদের আটকে রাখতে পারেনি। জেলার বিভিন্ন গ্রাম থেকে নৌকায় মোটরসাইকেল ও হেঁটে হাজার হাজার নেতাকর্মী সিলেটের আলীয়া মাদ্রাসা মাঠে অবস্থান নিয়েছেন। দোয়াবাজার উপজেলা শহরে সালমা খাতুন নামে এক যাত্রী বলেন, পরিবহন ধর্মঘটের কারণে সাধারণ মানুষ সীমাহীন দুর্ভোগে পড়েছে। এভাবে ধর্মঘটের ডাক দিয়ে মানুষকে আরও বিপদে ফেলা হয়েছে। দিরাই উপজেলার বাসিন্দা আবুল হোসেন বলেন, বাস চলাচল বন্ধের কারণে ভাড়া দ্বিগুণ তিনগুণ গুনতে হচ্ছে।
গোবিনপুর গ্রামের সালু মিয়া বলেন, একে তো গণসমাবেশ অন্যদিকে বাস মিনিবাস চলাচল বন্ধের কারণে সরকার ও পরিবহন শ্রমিক মালিকরা সাধারণ মানুষের প্রতি অন্যায় করছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল বলেন, সরকারের পেটোয়া বাহিনী পুলিশ এখন ছাত্রলীগের ভূমিকা পালন করছে। সড়কের প্রতিটি পয়েন্টে বিএনপির নেতাকর্মীদের বাধা দিচ্ছে। শহরে প্রবেশের সব পথ বন্ধ করে দিয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু সাঈদ জানান, পুলিশ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অবস্থান নিয়েছে। কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনগণের শান্তি নষ্ট করলে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।
এদিকে হবিগঞ্জের নবীগঞ্জে বাস চলাচলে বাধা দেওয়ার প্রতিবাদ ও অবৈধ যানবাহন বন্ধের দাবিতে জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। গতকাল শুক্রবার সকাল থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ রেখেছে পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। ফলে অতিরিক্ত ভাড়ায় বাধ্য ভেঙে ভেঙে গন্তব্যে যেতে হচ্ছে। এমএ মজিদ নামের এক যাত্রী বলেন, গতকাল শুক্রবার অনেকেই সিলেটে মাজারে যাতায়াত করেন। অনেকেই ছুটির দিনে বাড়িতে আসেন।
পরিবহন ধর্মঘটের কারণে তারা যাতায়াত করতে পারছেন না। মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দক্ষিণ তেঘরিয়া গ্রামের মো. নূর আলম বলেন, গতকাল শুক্রবার মাদ্রাসা বন্ধ থাকায় তার মায়ের সঙ্গে মৌলভীবাজার নানাবাড়ি যেতে বাস টার্মিনালে এসেছেন। কিন্তু গাড়ি বন্ধ তারা যেতে পারছে না। তবে বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক জি কে গউছ বলেন, বিএনপির বিভাগীয় সমাবেশে যেতে না পারার জন্য পরিবহন ধর্মঘট। এ ধর্মঘট দিয়ে মানুষকে আটকানো যাবে না। এর আগে সিলেটের সমাবেশে যে পরিমাণ নেতাকর্মী উপস্থিত হয়েছেন এবার আরও অধিক সংখ্যক মানুষ জমায়েত হবেন। তিনি আরও বলেন, এখন শুধু নেতাকর্মীই নয়, সাধারণ মানুষও যুক্ত হয়েছেন।
জনসমুদ্র হয়ে যাবে। অতীতে আমাকে অনেক মিথ্যা মামলার আসামি করা হয়েছে। এবারও একটি মিথ্যা মামলা দিয়েছে। এগুলো আমি আইনি প্রক্রিয়ায় মোকাবিলা করবো। তাদের মিথ্যা মামলায় আমার প্রতি মানুষের ভালোবাসা আরও বাড়বে। জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায় বলেন, মূলত নবীগঞ্জে বাস চলাচলে প্রশাসনের বাধার কারণে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছি। এর সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই। এখানে সব দলেরই বাস মালিক ও শ্রমিক আছেন। এটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন।
মৌলভীবাজারেও জনভোগান্তি: মৌলভীবাজারে পাঁচ দাবিতে ৩৬ ঘণ্টার পরিবহন ধর্মঘট শুরু করেছে জেলা বাস-মিনিবাস মালিক সমিতি। গতকাল শুক্রবার সকাল ৬টা থেকে এ ধর্মঘট শুরু হয়। এদিন সকাল থেকেই মৌলভীবাজার জেলার সব রুট থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। হঠাৎ করে বাস চলাচল বন্ধ থাকার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। জানা যায়, সিএনজিচালিত অটোরিকশার রেজিস্ট্রেশন ও সামনে গ্রিল লাগানো বন্ধ, ব্যাটারিচালিত টমটমের অবৈধভাবে চলাচল বন্ধ, ট্রাক-লরি-পিকআপ-কাভার্ডভ্যানে চাঁদাবাজি ও পুলিশি হয়রানি বন্ধ এবং মৌলভীবাজার জেলায় একটি স্থায়ী ট্রাক স্ট্যান্ড নির্মাণের দাবিতে এ ধর্মঘট ডাকা হয়েছে।
এদিকে, ধর্মঘট ডাকায় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির নেতাকর্মীরা। তাদের অভিযোগ, শনিবার বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশকে বাধাগ্রস্ত করতেই এ ধর্মঘট ডাকা হয়েছে। এ বিষয়ে জেলা বাস মিনিবাস মালিক সমিতির চেয়ারম্যান রশিদ উদ্দিন আহমদ বলেন, ধর্মঘটের সঙ্গে বিএনপির মহাসমাবেশের কোনো সম্পর্ক নেই। পাঁচ দফা দাবিতে বিশেষ করে টমটম চলাচল বন্ধে নিষেধাজ্ঞা থাকলেও সেগুলো অবাধে চলছে। এতে দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা ঘটছে। যে কারণে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে সড়ক নিরাপদ করতে যৌক্তিক দাবিতে ধর্মঘট পালন করা হচ্ছে।
তবে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে গণসমাবেশ আয়োজনে বাধা সৃষ্টি করতেই সরকার কৌশলে পরিবহনে ধর্মঘট ডেকেছেন। শনিবার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশ হবে। সিলেট বিভাগীয় পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মো. মইনুল ইসলাম বলেন, শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সিলেটে পরিবহন ধর্মঘট আহবান করেছি। কিন্তু বিভাগের অন্য তিন জেলা সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারে ধর্মঘট চলায় দূরপাল্লার গাড়ি চলাচলে সমস্যা হচ্ছে। এ বিষয়ে আমাদের কিছুই করার নেই।
