আলো ডেস্ক: অন্যের ছয়টি জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) খোঁজ নিতে এসে আটক হয়েছেন মো. দুলাল মিয়া নামের এক দালাল। গতকাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে এনআইডি মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবীর সাংবাদিকদের এ তথ্য জানান।
এনআইডি মহাপরিচালক বলেন, গত বুধবার বিকেলে দালাল চক্রের সদস্য মো. দুলাল মিয়া এনআইডির প্রবাসী শাখায় ছয়জন নতুন ভোটারের তথ্য যাচাই করতে আসেন। দুলাল মিয়া একসঙ্গে ছয়জনের ফরম জমা দিয়ে আমাদের অফিসারদের চেক করতে বলেন। সবগুলো চেক করার পর শেষের পাতায় এ ছয়জনের নামের পাশে টাকার হিসাব পাওয়া যায়।
এতে আমাদের কর্মকর্তাদের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সত্যতা পাওয়া যায়। এ ছাড়া এ ছয়জনের এনআইডি থেকে ফোন নম্বর নিয়ে ভুক্তভোগীদের সঙ্গে কথা বললেও তারা টাকার বিনিময়ে দুলাল মিয়ার এনআইডি দেওয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। এনআইডির কর্মকর্তারা বলেন, বিষয়টি নিশ্চিত হওয়ায় নির্বাচন কমিশনে দায়িত্বরত পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এরপর নির্বাচন কমিশন সচিবালয়ে দায়িত্বরত পুলিশ দালাল দুলাল মিয়াকে শেরে বাংলা নগর থানায় সোপর্দ করে। তবে থানায় সোপর্দ করলেও এনআইডির পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি বলে জানান কর্মকর্তারা।
