সাজ্জাদুল তুহিন, নওগাঁ
নওগাঁর ধামইরহাটে ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে গণেশ সিং (১৮) নামে এক আদিবাসী যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার আবাদপুর আদিবাসী পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত গণেশ সিং আদিবাসী পাড়ার শ্রী বিজেত সিং এর ছেলে।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ওসি মোজাম্মেল হক বলেন, ব্রাজিল ফুটবল দলের সমর্থক ছিলেন গণেশ সিং। তিনি দুপুরে বাড়ির ভেতরে একটি আমগাছে ব্রাজিলের পতাকা টানাতে উঠে।
এসময় গাছের ভেতর দিয়ে হাই-ভোল্টেজের একটি বৈদ্যুতিক তার নিয়ে যাওয়া হয়েছিল। সেই তারে বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে গেলে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষণা করেন। তবে এ বিষয়ে পরিবারের কোনো অভিযোগ নেই।
