আলো ডেস্ক: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পুলিশভ্যানে বাসের ধাক্কায় দুই সদস্য আহত হয়েছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে গোদাগাড়ী রেল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত দুই পুলিশ সদস্য হলেন, গোদাগাড়ী থানার কনস্টেবল আ. হালিম ৪০ ও মো. জিন্নাত আলী।
গতকাল শুক্রবার গোদাগাড়ী থানার ওসি কামরুল ইসলাম বলেন, ডিউটি চলাকালে গোদাগাড়ী থানার রেল বাজার এলাকায় ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী হানিফ বাস পুলিশের ভ্যানকে ধাক্কা দেয়।
এতে গুরুতর আহত হন দুই পুলিশ সদস্য। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে যায়। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন। ওসি আরও বলেন, ঘটনার পর থেকে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। এ বিষয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
