আলো ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ী ও কামরাঙ্গীরচর থেকে স্কুলছাত্রীসহ তিন জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এরা হলেন- রংমিস্ত্রি সোহেল (৩০), গৃহবধূ ইসরাত জাহান আঁখি (২৭) ও স্কুলছাত্রী মায়শা আক্তার মমি (১৪)। গতকাল বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করে পুলিশ। এর আগে গত বুধবার দিবাগত রাতে লাশ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। সোহেলের বাবা সাবান আলী শেখ জানান, তাদের বাড়ি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায়। যাত্রাবাড়ীর কাঠেরপুল মোহাম্মদ খান রোডের একটি বাড়িতে একাই থাকতো সোহেল। তার স্ত্রী জহুরা আক্তার সৌদিপ্রবাসী। তাদের কোনো সন্তান ছিল না।
স্ত্রীর সঙ্গে দীর্ঘ সাত থেকে আট বছর তার বনিবনা নেই। তবে ইদানীং তারা আবার যোগাযোগ শুরু করে। তিনি আরও জানান, গত বুধবার রাতে বাড়িওয়ালা ভাড়ার জন্য তার বাসায় গিয়ে দেখেন দরজা খোলা। ভেতরে উঁকি দিতেই দেখতে পান ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন সোহেল। তখন বাড়িওয়ালাই থানায় খবর দেন। যাত্রাবাড়ী থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, গত বুধবার দিবাগত রাত সোয়া ১টায় বাসার তৃতীয় তলার রুম থেকে লাশটি উদ্ধার করা হয়।
পরে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। সুরতহাল প্রতিবেদনে প্রাথমিক তদন্ত হিসেবে উল্লেখ করেন স্ত্রীর সঙ্গে রাগ, অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন। এদিকে মৃত মায়শার বাবা মকবুল হোসেন মমিন জানান, তাদের বাড়ি বগুড়া সদর উপজেলায়। তিনি গ্রামে থাকেন। দুই মেয়েকে নিয়ে তাদের মা পেয়ারা বেগম কামরাঙ্গীরচর মাহাদীনগর এক নম্বর গলির জসিমের টিনশেড বাড়িতে ভাড়া থাকে। হাজারীবাগের শেখ রাসেল স্কুলের সপ্তম শ্রেণিতে পড়ে মায়শা। দুই মেয়ের মধ্যে বড় মায়শা। পেয়ারা বেগম জানান, গত বুধবার তিনি কাজে যাওয়ার সময় দুই মেয়েকে স্কুলে দিয়ে যান। বিকেলের দিকে বাসায় ফিরে দেখেন ছোট মেয়ে মাদ্রাসায় পড়তে গেছে।
আর বাসার দরজা ভেতর থেকে বন্ধ। তখন প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে রুমে ঢুকে দেখেন ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলছে মায়শা। তখন তাকে নামিয়ে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে হাসপাতাল থেকে পুলিশ লাশ উদ্ধার করে ঢামেক হাসপাতাল মর্গে পাঠায়। কী কারণে সে আত্মহত্যা করেছে সে বিষয়ে কিছুই জানাতে পারেননি তার মা। কামরাঙ্গীরচর থানার এসআই মো. কবিরুল ইসলাম জানান, খবর পেয়ে গত বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয় একটি হাসপাতাল থেকে ওই স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়। সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এদিকে গত বুধবার দিবাগত রাতে শাহজাহানপুর ঝিল মসজিদ এলাকার বাজার সংলগ্ন একটি বাড়ির পাঁচতলা থেকে ঝুলন্ত ইসরাত জাহান আঁখির (২৭) লাশ উদ্ধার করা হয়। লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শাহজাহানপুর থানার এসআই অমিত হাসান মাহমুদ জানান, ট্রিপল নাইনের মাধ্যমে খবর পেয়ে বাড়িটির পাঁচতলায় একটি রুমের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো ফাঁস দেওয়া ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। স্বজনরা দাবি করছেন, পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করেছেন। ওই গৃহবধূ মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন। এ ঘটনার একটি অপমৃত্যু মামলা দায়ের হবে।
বাগেরহাট মোড়লগঞ্জ উপজেলার আনিসুর রহমান হাওলাদারের মেয়ে আঁখি। চার বছরের মেয়ে ও স্বামী সাগর আহমেদ মহসিনের সঙ্গে ওই বাসায় ভাড়া থাকতেন। স্বামী মহসিন জানান, তিনি সবেমাত্র এলএলবি পাস করে সুপ্রিম কোর্টে এক আইনজীবীর সহযোগী হিসেবে কাজ করছেন। আঁখি গৃহিণী। বেশ কিছুদিন ধরে আঁখি মানসিক সমস্যায় ভুগছিলেন। রাতে হুট করেই একা রুমের ভেতর দরজা বন্ধ করে দেন তিনি। অনেক ডাকাডাকি করেও তার কোনো সাড়াশব্দ পাওয়া যায় না।
আঁখির বাবা আনিসুর রহমান জানান, সাগর তাকে ফোন দিয়ে জানান, আঁখি রুমের দরজা বন্ধ করে দিয়েছেন। কোনো সাড়াশব্দ করছেন না। তখন তিনি মেয়ে আঁখির মোবাইলে কয়েক বার কল দেন। প্রথমবার বিপরীত পাশ থেকে কলটি কেটে দেওয়া হলেও এরপরে আরও কয়েক বার চেষ্টা করেও ফোনকল রিসিভ করেননি আঁখি। এরপর দ্রæত তিনি ওই বাসায় গিয়ে দেখেন, পুলিশ আঁখির লাশ ঝুলন্ত অবস্থা থেকে নিচে নামাচ্ছে।
