আলো ডেস্ক: দিনাজপুরের চিরিরবন্দরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। এর আগে গত বুধবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে পুলিশ। চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় গৃহবধূর করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
এ ছাড়া ভুক্তভোগীর ফরেনসিক ও ডিএনএ পরীক্ষার জন্য এম আবদুর রহিম মেডিকেল কলেজ ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। গ্রেপ্তাররা হলেন- দিলীপ রায় (২৩), সোহেল রানা (২৫), নুর আলম (২২) ও মিজানুর রহমান (২৮)। মামলার বিবরণে জানা যায়, গত ৮ নভেম্বর রাত ৯টার দিকে ভুক্তভোগী উপজেলার রানীপুর ডাঙ্গাপাড়া এতিমখানায় ইসলামি মাহফিল শোনার জন্য যান।
সেখানে মিজানুরের সঙ্গে দেখা হয়। মিজানুরের সঙ্গে তিনি রাণীরবন্দর চুলের ফ্যাক্টরিতে শ্রমিকের কাজ করত সেই সুবাদে তার সঙ্গে আগেই পরিচয় ও সম্পর্ক ছিল। পরে মিজানুর প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য প্রস্তুতি নিলে আসামি দিলীপ রায়, সোহেল রানা ও নুর আলম তাদের আটক করে। এ সময় কৌশলে মিজানুর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এরপরে ওই তিনজন ভুক্তভোগীকে ভয়-ভীতি দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পরেরদিন ভুক্তভোগী নিজেই চিরিরবন্দর থানার মামলা করেন। মামলার পর তদন্তকারী কর্মকর্তা ওসি বজলুর রশিদ তাৎক্ষণিক অভিযান চালিয়ে চারজন আসামিকেই গ্রেপ্তার করেন।
