আলো ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভুয়া এনজিও খুলে প্রতারণার অভিযোগে পাঁচজনকে আটক করেছে র্যাব। গত বুধবার রাতে উপজেলার টিকরী বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন- অলিউর রহমান (৪০), ফরহাদ হোসেন (২৮), শাহজাহান আলী (২৬), সেবারুল রহমান (২৫), সাকিবুল হাসান (২৮)।
এ সময় তাদের কাছ থেকে এক হাজার ৫৪০টি পাশ বই, ৭৫টি ব্যাংক চেক ও ১৫টি ভুয়া সিল উদ্ধার করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ জানায়, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে গ্রামের সহজ-সরল মানুষকে অধিক লাভের লোভ দেখিয়ে সমাজ উন্নয়ন সংস্থা নামে একটি এনজিও প্রতিষ্ঠা করে।
এ এনজিওতে গরিব অসহায় লোকদের টাকা বিনিয়োগ এবং টাকা ঋণ নেওয়ার জন্য উস্কানি দিয়ে প্রায় ছয় কোটি টাকা হাতিয়ে নেয়। ভুক্তভোগীদের এমন অভিযোগের ভিত্তিতে ওই এনজিওর মালিকসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াধীন।
